ISL 2024-25: ওডিশা এফসি ঘরের মাঠে পরাস্ত, দুরন্ত জয়ে পয়েন্ট তালিকার তিনে এফসি গোয়া
ISL 2024-25: ওডিশা এফসি ঘরের মাঠেই বড় পরাজয়ের সম্মুখীন হলো। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ৪-২ গোলে দুরন্ত জয় ছিনিয়ে নিল এফসি গোয়া।
এই জয়ের সুবাদে গোয়ার দলটি পয়েন্ট তালিকার তিন নম্বরে রইল। জোড়া গোল ব্রিসন ফার্নান্দেজের। লাল কার্ড দেখলেন আহমেদ জাহৌহ।

এই নিয়ে গোয়া টানা ৭টি অ্যাওয়ে ম্যাচে অপরাজেয় থাকার নজির গড়ল। সের্হিও লোবোরার প্রশিক্ষণাধীন দলের বিরুদ্ধে এই প্রথম আইএসএলে হেড কোচ হিসেবে জয়ের স্বাদ পেলেন মানোলো মার্কুয়েজ। অন্যদিকে, আইএসএলে পারস্পরিক সাক্ষাতে ১১টি ম্যাচে গোয়ার বিরুদ্ধে জয় অধরাই ওডিশা এফসির।
ম্যাচের ৮ মিনিটেই এফসি গোয়া এগিয়ে যায় ব্রিসন ফার্নান্দেজের গোলের সুবাদে। ইকের গুয়ারক্সেনা গোল করার পরিস্থিতি তৈরি করে ফেললেও মুর্তাদা ফল বল ছিনিয়ে নেন। কিন্তু ওডিশা ডিফেন্ডারের হেভি টাচ পৌঁছে যায় সুযোগসন্ধানী ফার্নান্দেজের কাছে। বুক দিয়ে বল নামিয়ে তা জালে জড়িয়ে দেন ব্রিসন।
এরপর আইএসএলে দশম প্লেয়ার হিসেবে দেড়শোতম ম্যাচ খেলতে নামা জেরি লালরিনজুয়ালা গোয়ার বক্সে ফাউল আদায় করে নেন। ২৯ মিনিটে পেনাল্টি থেকে পানেকা স্টাইলে গোল করে আহমেদ জাহৌহ গোল করে সমতা ফেরান।
প্রথমার্ধের ইনজুরি টাইমে ফের এগিয়ে যায় গোয়া। এ ক্ষেত্রেও অবদান রয়েছে ইকেরের। তাঁর শট প্রথমে প্রতিহত হলেও ওডিশার ফুটবলাররা বলটি বিপন্মুক্ত করতে পারেননি। উদান্ত সিং সেই বল পেয়ে গোল করতে কোনও ভুল করেননি। বিরতিতে ২-১ গোলে এগিয়ে ছিল গোয়া। ৫৩ মিনিটে ব্রিসনের দ্বিতীয় গোল গোয়াকে এগিয়ে দেয় ৩-১ গোলে।
এর তিন মিনিট পরেই ব্যবধান বেড়ে হয় ৪-২। ইকের ওডিশা ডিফেন্ডারদের প্রয়াস এড়িয়ে ব্রিসনের জন্য ক্রস ভাসাতে গিয়েছিলেন। তবে ব্রিসনকে গোল করতে হয়নি। আমে রানাওয়াডে বল বিপন্মুক্ত করার চেষ্টা করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন।
এরপর ওডিশা এফসি ম্যাচে ফেরার প্রয়াস চালাতে থাকে। কিন্তু গোল আসছিল না। অবশেষে ৮৮ মিনিটে জেরি মাওয়িহমিংথাঙ্গার গোল করেন, ব্যবধান কমে হয় ২-৪। তবে তা হার বাঁচানোর পক্ষে যথেষ্ট ছিল না।
এফসি গোয়া ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার তিনে রয়েছে। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ওডিশা এফসি আছে ছয় নম্বরে। ওডিশার পরের ম্যাচ ৯ তারিখ চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। গোয়া খেলবে ৮ জানুয়ারি হায়দরাবাদ এফসির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications