ISL 2024-25: মহমেডানকে রুখে দিল এফসি গোয়া, সাদিকুর শেষ লগ্নের গোলে সাদা-কালোর ২ পয়েন্ট নষ্ট
ISL 2024-25: আইএসএলে মহমেডান স্পোর্টিং ক্লাব এদিনও জয়ের মুখ দেখতে পারল না। এফসি গোয়া ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার আশা জাগিয়েও। শেষ লগ্নে মোহনবাগান সুপার জায়ান্টের বাতিল ঘোড়ার হেডারে ড্র হয়ে গেল এই দ্বৈরথ।
কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে কোনও দলই প্রথমার্ধে গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল পেয়ে এগিয়ে যায় সাদা-কালো শিবির। যদিও ইনজুরি টাইমে সমতা ফেরান আর্মান্দো সাদিকু।

জয়ের মুখ না দেখতে পারলেও এই ম্যাচ থেকেই চলতি আইএসএলে প্রথম পয়েন্টটি ঝুলিতে পুরল মহমেডান। ম্যাচে বেশিরভাগ সময়ই আধিপত্য নিয়ে খেলেছে মহমেডান। নর্থইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের মতো এদিনও প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল মহমেডান।
কার্লোস ফ্রাঙ্কা ও গোমেজ সারা ম্যাচে তিনটি করে সুযোগ পেয়েছিলেন। ২২টি শটের মধ্যে সাতটি টার্গেটে রেখেছিল মহমেডান। ফ্রাঙ্কা, গোমেজদের দাপটে চাপ বাড়তে থাকে এফসি গোয়ার রক্ষণে। ১২ মিনিটে গোল করার ভালো একটি সুযোগ পেলেও তা খুব কাছে থেকেও হাতছাড়া করেন ফ্রাঙ্কা।
ওয়ান-টু পাস খেলে এর কিছুক্ষণ পরে ফ্রাঙ্কা বল বাড়ান লালরেমসাঙ্গাকে। কিন্তু তিনি শট নিতে যাওয়ার আগে তৎপর নিম দোরজি বাধা দেন। ফ্রাঙ্কা নানাভাবে একের পর এক সুযোগ তৈরি করছিলেন। তারই মধ্যে মার্কারকে বোকা বানিয়ে যে জোরালো শট নেন তা গিয়ে লাগে ক্রসবারে।
দ্বিতীয়ার্ধেও মহমেডান দাপট নিয়েই খেলা শুরু করে। লাগাতার আক্রমণ চালিয়ে যাওয়ার সুফল মেলে। ৬২ মিনিটে ওনাইন্ডিয়া বক্সে ফেলে দেন ফ্রাঙ্কাকে। যার সৌজন্যে পেনাল্টি আদায় করে নেয় মহমেডান। ৬৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মহমেডানকে এগিয়ে দেন আলেক্সিস গোমেজ। এটি আইএসএলে মহমেডানের প্রথম গোল।
যদিও সেই লিড আর ইনজুরি টাইমে গিয়ে ধরে রাখতে পারেনি মহমেডান। আকাশ সাঙ্গওয়ানের ক্রসে মাথা ছুঁইয়ে ইনজুরি টাইমের চার মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক্তনী আর্মান্দো সাদিকু।
এদিন মহমেডানের হয়ে নজর কাড়লেন আর্জেন্তিনীয় স্ট্রাইকার গোমেজ। তিনি পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি তিনটি সুযোগও তৈরি করেছিলেন। গোলে বল রেখেছিলেন ২টি ক্ষেত্রে। তবে গোল করতে পারেননি। সঠিক পাস খেলেছেন ৮৩ শতাংশ। মহমেডান ২৬ সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচ খেলবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। ২৭ সেপ্টেম্বর এফসি গোয়া খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications