ISL 2024-25: পিছিয়ে পড়েও দুরন্ত জয়! পাঞ্জাবকে হারিয়ে পয়েন্ট তালিকার তিনে এফসি গোয়া
ISL 2024-25: পিছিয়ে পড়েও আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল এফসি গোয়া। টানা দুটি ম্যাচে জেতায় তারা পয়েন্ট তালিকার তৃতীয় স্থানের দখল নিল।
সেই সঙ্গে চলতি আইএসএলে দ্বিতীয় পরাজয়ের সাক্ষী থাকল পাঞ্জাব এফসি। ফতোরদায় এফসি গোয়ার জয় এলো ২-১ গোলে।

পাঞ্জাব এফসি চোটের কারণে এই ম্যাচে পায়নি ফিলিপ মারজলাক ও খৈমিংথাম লুংডিমকে। পানাজিওতিস দিলবেরিস তাই শুরু থেকে নামিয়েছিলেন হাঙ্গেরির ফরওয়ার্ড আসমির সুলজিচকে। লিওন অগাস্টিনকে নামানো হয় রাইট ব্যাকে।
এফসি গোয়া তথা ভারতীয় ফুটবল দলের হেড কোচ মানোলো মার্কুয়েজ দল সাজান ৪-২-৩-১ ছকে। ১৩ মিনিটে আসমিরের গোলেই এগিয়ে যায় পাঞ্জাব এফসি। ২ ম্য়াচ খেলে দ্বিতীয় গোলটি পেয়ে গেলেন সুলজিচ। যদিও এই অগ্রগমন বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাঝমাঠে আধিপত্য রাখছিল পাঞ্জাবই। কিন্তু প্রথম সুযোগ থেকেই গোল পেয়ে যায় এফসি গোয়া।
২২ মিনিটে আর্মান্দো সাদিকুর গোলে সমতা ফেরায় মানোলের প্রশিক্ষণাধীন গোয়া। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়েই ছিল পাঞ্জাব। গোয়া বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। ফলে বিরতিতে খেলার ফল ছিল ১-১।
যদিও দ্বিতীয়ার্ধে চার মিনিটের মাথায় গোল হজম করে পাঞ্জাব। ইকের গুয়ারক্সেনাই জয়সূচক গোলটি করেন এফসি গোয়ার হয়ে। ড্রাজিচের প্রথম প্রয়াস গোলকিপার বাঁচালেও বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ফিরতি বল থেকেই গোল করে যান এফসি গোয়ার স্পেনীয় ফুটবলার। নভোসেলেচ চোট পেয়ে বেরিয়ে যেতে পাঞ্জাবের সমস্যা আরও বাড়ে।
৭০ শতাংশের বেশি বল দখলে রাখলেও পাঞ্জাব সমতা ফেরানোর তেমন সুযোগ তৈরি করতে পারেনি। গোয়ার গুয়ারক্সেনার একটি শট পোস্টে প্রতিহত না হলে গোয়ার জয়ের ব্যবধান বাড়তেও পারতো। ইনজুরি টাইমে মুশাগা বাকেঙ্গার গোলমুখী শট বিপন্মুক্ত করেন গোয়ার তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গন।
এদিনের জয়ের ফলে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে উঠে এলো এফসি গোয়া। পাঞ্জাব এফসির ৬ ম্যাচে ১২ পয়েন্ট। তারা রইল চারে। গোলপার্থক্যে এগিয়ে গোয়া।












Click it and Unblock the Notifications