ISL 2024-25: আইএসএলে টানা ৫ ম্যাচে গোল হজম করল না বেঙ্গালুরু এফসি, পাঞ্জাবের প্রথম হারে শীর্ষস্থান আরও মজবুত
ISL 2024-25: আইএসএলে দুরন্ত ছন্দে বেঙ্গালুরু এফসি। এদিন শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পাঞ্জাব এফসিকে ১-০ গোলে হারিয়ে দিল জেরার্ড জারোগাজার প্রশিক্ষণাধীন দল।
এই নিয়ে টানা পঞ্চমবার প্রতিপক্ষ দল বেঙ্গালুরু এফসির জালে বল জড়াতে পারল না। ৫ ম্যাচ খেলে এদিন চতুর্থ জয় আদায় করে নিল বেঙ্গালুরু এফসি।

এদিনের ম্যাচে ৫৮ মিনিটের মাথায় চিংলেনসানা সিং লাল কার্ড দেখেন। ফলে আধ ঘণ্টারও বেশি সময় ১০ জনে খেলতে হয় বেঙ্গালুরু এফসিকে। তবে তার কোনও ফায়দা আদায় করতে পারেনি পাঞ্জাব এফসি। চতুর্থ ম্যাচে এসে তারা চলতি আইএসএলে প্রথম পরাজয়ের সাক্ষী থাকল।
জর্জ পেরেরা দিয়াজের ক্রস ধরে বাঁ পায়ের শটে গোল করেন নওরেম রোশন সিং। ম্যাচের ৪৩ মিনিটের মাথায়। চিংলেনসানা সিং লাল কার্ড দেখার পর বেঙ্গালুরু এফসি রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে। ডিফেন্স মজবুত করে। তবে এই সময় বেশ কয়েকটি আক্রমণ শানিয়েও গোলমুখ খুলতে পারেনি পাঞ্জাব এফসি।
বেঙ্গালুরুর রাহুল ভেকে, আলেকজান্ডার জোভানোভিচরা প্রশংসনীয় পারফরম্যান্স উপহার দিয়ে কার্যত দুর্ভেদ্য হয়ে ওঠেন। পাঞ্জাবের ভাগ্যের সহায়তাও মেলেনি। বেঙ্গালুরু রক্ষণের ভুলে মুশাগা বাকেঙ্গা খুব কাছ থেকে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। তাঁর শট ক্রসবারে প্রতিহত না হলে ৭৪ মিনিটে সমতা ফেরাতে পারতো পাঞ্জাব এফসি।
বেঙ্গালুরু এফসি ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানেই রইল। ৪ ম্যাচে ৯ পয়েন্ট করে রয়েছে জামশেদপুর এফসি ও পাঞ্জাব এফসির। দুই দলেরই গোলপার্থক্য ৩। তবে পাঞ্জাবের চেয়ে ২টি গোল বেশি করায় দ্বিতীয় স্থানে রয়েছে জামশেদপুর এফসি, পাঞ্জাব তিনে।












Click it and Unblock the Notifications