ISL 2023-24: আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড আটকে গেল, প্রথম পয়েন্ট ছিনিয়ে নিল পাঞ্জাব এফসি
ISL 2023-24: আইএসএলে ঘরের মাঠেই প্রথম পয়েন্ট আদায় করে নিল পাঞ্জাব এফসি। আইএসএলে নবাগত দলটি এদিন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করল নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে।
পার্থিব গোগোইয়ের গোলে এগিয়ে ছিল নর্থইস্ট। পাঞ্জাবের হয়ে সমতা ফেরান মেলরয় আসিসি।

পাঞ্জাব এফসির কোচ স্টাইকস ভার্গেতিস প্রথম এগারোয় তিনটি পরিবর্তন করেছিলেন। কিরণ কুমার লিম্বুর জায়গায় গোলে রবি কুমার, নিখিল প্রভুর জায়গায় গ্রীক ডিফেন্ডার দিমিত্রস চাজিসাইয়াস এবং আশিস প্রধানের জায়গায় খেলেন অমরজিৎ সিং কিয়াম। নর্থইস্ট হেড কোচ হুয়ান বেনালি ৪-৩-৩ ছকে দল নামান।

প্রথম থেকেই পাঞ্জাব এফসি দাপট দেখাতে শুরু করে। তবে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছিল না। নর্থইস্ট ইউনাইটেড পেনাল্টি পেয়েছিল। তনদনবা সিংকে অবৈধভাবে বক্সে খাইমিংথাং লুংডিম বাধা দেওয়ায়। যদিও সেই পেনাল্টি থেকে লিড নিতে পারেনি নর্থইস্ট। প্রথমার্ধের ইনজুরি টাইমে ডেডলক ভাঙে। পার্থিব গোগোই গোল করেন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে পাঞ্জাব। যার সুফল মেলে ম্যাচের ৬৩ মিনিটের মাথায়। হুয়ান মেরার নেওয়া কর্নার থেকে মেলরয় আসিসি গোল করে সমতা ফেরান। এরপর দুই দলই এগিয়ে যাওয়ার চেষ্টা চালাতে থাকে। কিন্তু সফল হয়নি। ফলে শেষ অবধি স্কোরলাইন থাকে ১-১।
পাঞ্জাব এফসি তিনটি ম্যাচ খেলে ১ পয়েন্ট সংগ্রহ করেছে। নর্থইস্টের তিন ম্যাচে রয়েছে চার পয়েন্ট। ২২ অক্টোবর জামশেদপুরের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ পাঞ্জাবের।
(ছবি- এফএসডিএল)












Click it and Unblock the Notifications