ISL 2023-24: ওডিশার বিরুদ্ধে মানরক্ষা মুম্বইয়ের, সুবিধা হল মোহনবাগান এসজির
আইএসএলের দ্বিতীয় ম্যাচে আটকে গেল ওডিশা এফসি। বৃহস্পতিবার সন্ধ্যায় কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ওডিশা এফসি এবং মুম্বই সিটি এফসি। ম্যাচের ফল ২-২। দুই বার লিড নিুয়েও পুরো তিন পয়েন্ট অধরাই থাকল ওডিশার।
আইএসএলের প্রথম ম্যাচে চেন্নাইয়ন এফসিকে ২-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছিল ওডিশা। এবার কলিঙ্গ রাজ্যের দলটি বেশ শক্তিশালী। কোচ হিসেবে রয়েছেন সার্জিও লোবেরা। দিয়েগো মৌরিসিও, রয় কৃষ্ণার মতো বিদেশিরা রয়েছেন এই দলেক। ফলে এবার ওডিশা কিন্তু সমীহ জাগানো দল।

আইএসএলে মুম্বই এফসি মানেই যে কোনও দলের কাছে শক্ত গাঁট। গত মরসুমে লিগ শিল্ড জয়ী দলের বিরুদ্ধে পয়েন্ট পাওয়া কঠিন কাজ যে কোনও দলের কাছেই। তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ছন্দেই দলকে খেলান ওডিশার স্প্যানিশ কোচ। সেইসঙ্গে দুই উইং বিপিং সিং এবং ছাংতের দৌড় বন্ধ করার দায়িত্ব দেন মাঝমাঠের ফুটবলারদের।
প্রথমার্ধে দুটি দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল, তবে তার মধ্যে অতিরিক্ত সময়ে কাজের কাজটি করেন জেরি। তাঁর গোলেই লিড নিয়ে সাজঘরে ফেরে ওডিশা। অন্যদিকে ওডিশার দুই ফুটবলার কার্লোস এবং লাল্থাথাঙ্গা হলুদ কার্ড দেখেন।
১ গোলে পিছিয়ে থেকেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে মুম্বই। ফলে আক্রমণের জোরও বাড়ায় বাণিজ্য নগরীর দলটি। ৪৭ মিনিটে রোস্টনের গোলে সমতায় ফেরে মুম্বই। এরপর পরিবর্ত হিসেবে নামেন রয় কৃষ্ণ। ফিজি স্ট্রাইকার জার্সি বদল করলেও গোলের ধারা বজায় রেখেছেন। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফের দলকে এগিয়ে দিলেন রয়।

একটা সময় মনে হচ্ছিল ঘরের মাঠে পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে ওডিশা। কিন্তু ৮৮ মিনিটে বিপিন সিংয়ের পাস থেকে গোল করে মুম্বইয়ের পরাজয় রক্ষা করলেন দিয়াজ। সাত মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। শেষ পর্যন্ত ২-২ ফলেই ম্যাচ শেষ হয়। ওডিশার ড্রয়ে সুবিধা হল মোহনবাগান এসজির। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই ফেরান্দোর দল। ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে ওডিশা।












Click it and Unblock the Notifications