ISL 2023-24: এগিয়ে থেকেও জোড়া গোল হজম! ওডিশার কাছে হেরে চাপে পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট
ISL 2023-24: আইএসএলে প্রথম সেমিফাইনালের প্রথম লেগে ধাক্কা খেল মোহনবাগান সুপার জায়ান্ট। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে পিছিয়ে পড়েও জয় তুলে নিল ওডিশা এফসি।
ওডিশা এফসির জয় এলো ২-১ গোলে। প্রথমার্ধেই হয় তিনটি গোল। দ্বিতীয়ার্ধে বেশ কিছুটা সময় দুই দলই দশ জনে খেলে। রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে দ্বিতীয় লেগের সেমিফাইনাল।

মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড জিতেছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হতে গেলে রবিবার পেরোতে হবে প্রথম ধাপ। অন্তত ২ গোলে জিততেই হবে আন্তোনিও লোপেজ হাবাসের প্রশিক্ষণাধীন দলকে।
আজকের ম্যাচে ৩ মিনিটের মাথায় মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে গিয়েছিল সেট পিস থেকে হওয়া গোলের সৌজন্যে। মনবীর সিং হেডে গোল করে যান, গোলকিপার অমরিন্দর সিংয়ের কিছুই করণীয় ছিল না। যদিও এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি।
১১ মিনিটে দেলগাডোর গোলে সমতা ফেরায় ওডিশা এফসি। আহমেদ জাহুর কর্নার কিক থেকে বল পেয়ে অরক্ষিত অবস্থায় থাকা দেলগাডো বাগানের জালে বল জড়ান। ১৪ মিনিটে রয় কৃষ্ণ বক্সে ঢুকে পড়লে তাঁকে বাধা দেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ।
রেফারি পেনাল্টির নির্দেশ দিলেও পরে লাইন্সম্যানদের সঙ্গে কথা বলে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। বল ধরার সময় কৃষ্ণ অফ সাইড পজিশনে ছিলেন। যদিও বাগানের প্রাক্তনী রয় কৃষ্ণ বারেবারেই বিপজ্জনক হয়ে উঠছিলেন। ওডিশার হয়ে জয়সূচক গোলটি তিনিই করেছেন।
৩৪ মিনিটে অমরিন্দর সিং দিমিত্রি পেত্রাতসের প্রয়াস রোখেন। ৩৯ মিনিটে গোল করে ওডিশাকে এগিয়ে দেন রয় কৃষ্ণ। কাউন্টার অ্যাটাকে গিয়ে ভিক্টর ইউস্তেকে পরাস্ত করে যে শট নেন তা আটকাতে পারেননি কাইথ। এই গোলের সুবাদে কোনও মরশুমে ওডিশার হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড দখলে নিলেন কৃষ্ণ।
দ্বিতীয়ার্ধেও দুই দলই গোল করার প্রয়াস চালাতে থাকে। ৫৯ মিনিটে পেত্রাতসের ফ্রি কিক অমরিন্দর সেভ করলেও বল চলে যায় আনোয়ার আলি পায়ে, কিন্তু তিন কাঠিতে বল রাখতে পারেননি। ৬৭ মিনিটে দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখেন সাদিকু। বল দখলের লড়াইয়ে জাহুকে ফাউল করে।
বাগান ১০ জনের হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে একই পথের পথিক হয় ওডিশা এফসি। ৭৪ মিনিটে হাত দিয়ে বল থামানোয় দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দেলগাডো। সাদিকুর মতো তিনিও রবিবারের দ্বৈরথ থেকে ছিটকে গেলেন।
৮২ মিনিটে রয় কৃষ্ণ ও জেরি গোল করার পরিস্থিতি তৈরি করেছিলেন। কৃষ্ণর ক্রস আটকান কাইথ। এরপরই কাউন্টার অ্যাটাকে গোল করার পরিস্থিতি তৈরি করেছিলেন লিস্টন কোলাসো। অনিরুদ্ধ থাপাকে লক্ষ্য করে ক্রসও বাড়ান। শেষ অবধি পোস্টে প্রতিহত হয় বাগানের প্রয়াস। শেষ অবধি লড়াই চালিয়েও আর গোলমুখ খুলতে পারেনি হাবাসের দল।












Click it and Unblock the Notifications