ISL 2023-24: দুই নয়া বিদেশিকে নামিয়েও পরাস্ত ইস্টবেঙ্গল, দুরন্ত জয়ে আইএসএলের পয়েন্ট তালিকার ছয়ে নর্থইস্ট
ISL 2023-24: কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এখনও আইএসএলে জয়ের মুখ দেখতে পারল না ইস্টবেঙ্গল। আজ গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে হারালে ছয়ে উঠে আসতে পারতো কার্লেস কুয়াদ্রাতের দল।
যদিও ভালো লড়াই চালিয়েও শেষরক্ষা হলো না। ইন্দিরা গান্ধী অ্য়াথলেটিক স্টেডিয়ামে ৩-২ গোলে জয় ছিনিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানটি দখলে নিল নর্থইস্ট ইউনাইটেড এফসি।

নর্থইস্ট ইউনাইটেড এফসি এগিয়ে যায় ম্যাচের ৪ মিনিটেই। টম জুরিকের গোলে। নেস্তর আলবিয়াকের কাছ থেকে বল পেয়ে তা জড়াতে কোনও ভুল করেননি জুরিক। ১৫ মিনিটে নেস্তরের গোলেই নর্থইস্ট এগিয়ে যায় ২-০ গোলে। রেডিম ট্ল্যাং ডান প্রান্ত দিয়ে অনেকটা দৌড়ে বল বাড়িয়েছিলেন বক্সে থাকা নেস্তরকে।
দুই গোলে পিছিয়ে পড়ার পর গোল শোধের মরিয়া প্রয়াস চালাতে থাকে লাল হলুদ। যদিও বিরতির আগে আর কোনও গোল হয়নি। তবে দুই দলই বেশ কয়েকটি গোলের পরিস্থিতি তৈরি করেছিল। সায়ন বন্দ্যোপাধ্যায়, ক্লেইটন সিলভারা সুযোগ কাজে লাগাতে পারেননি। ইস্টবেঙ্গল ব্য়বধান কমায় দ্বিতীয়ার্ধে।
৫৩ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের প্রথম গোলটি করেন নন্দ কুমার। ক্লেইটন সিলভার থেকে বল পেয়ে গোলকিপার মিরশাদ মিচুকে পরাস্ত করেন তিনি, রীতিমতো বুদ্ধিমত্তার পরিচয় দিয়েই। এরপর সমতা ফেরানোর চেষ্টা চালাতে থাকে লাল হলুদ। ৬২ মিনিটে সায়নের পরিবর্তে নবাগত বিদেশি ফেলিসিও ব্রাউন ফোর্বসকে নামান কুয়াদ্রাত।
৬৬ মিনিটে নর্থইস্টের তৃতীয় গোলটি করে যান টমি জুরিক। ম্যাচে এটি তাঁর দ্বিতীয় গোল। এই গোল ইস্টবেঙ্গলের লড়াই আরও কঠিন করে দেয়। তবে লড়াই চালিয়ে যেতে থাকে লাল হলুদ। ৭৬ মিনিটে আরেক নবাগত বিদেশি ভিক্টর ভাসকুয়েজকে নামান ইস্টবেঙ্গল কোচ, অজয় ছেত্রীর জায়গায়।
৮২ মিনিটে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোলটি করেন ফেলিসিও। ক্লেইটনের শট প্রতিহত হওয়ার পর বল পেয়ে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গোল করে যান তিনি। এরপর আক্রমণ-প্রতি আক্রমণে জমজমাট থাকে ম্যাচ। তবে শেষ অবধি আর সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল। কলিঙ্গ সুপার কাপ জয়ের পর এই প্রথম পরাজয়ের সম্মুখীন হলো কুয়াদ্রাত-বাহিনী।
ইস্টবেঙ্গল এদিন হেরে যাওয়ায় ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা রইল নবম স্থানে। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে নর্থইস্ট উঠে এলো ষষ্ঠ স্থানে। আগামী মঙ্গলবার ইস্টবেঙ্গল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications