ISL 2023-24: ঘরের মাঠে চেন্নাইয়িনের কাছে হার হাবাসহীন মোহনবাগান এসজির, লিগ শিল্ডের লড়াই কঠিন হল
পচা শামুকে পা কাটল মোহনবাগান এসজির। ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির কাছে ৩-২ গোলে হেরে লিগ শিল্ডের লড়াই কঠিন করে ফেলল সবুজ মেরুন।
আইএসএলের মাঝে দু'সপ্তাহ বিরতি ছিল। শনিবার থেকেই ফের শুরু হয়েছে এই টুর্নামেন্ট। প্রায় ১৭ দিন পরে ফের খেলছে মোহনবাগান। প্রতিপক্ষ লিগ টেবলের সেকেন্ড লাস্টবয় চেন্নাইয়িন এফসি। জ্বরের জন্য এই ম্যাচে ডাগ আউটে থাকতে পারলেন না মোহনবাগানা এসজি কোচ হাবাস। তাঁর পরিবর্তে সবুজ মেরুনের দায়িত্বে ছিলেন সহকারী ম্যানুয়েল ক্যাসকালানা।

জনি কাউকোর খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত প্রথম একাদশে তাঁকে রাখে বাগান থিঙ্ক ট্যাঙ্ক। লিগ টেবলে ১১ নম্বরে থাকলেও চেন্নাইয়িনের প্লে অফের আশা এখনও শেষ হয়নি। তাই জয়ের জন্য শুরু থেকেই মরিয়া ছিল দক্ষিণী দলটি। ১৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল চেন্নাইয়িন। ক্রিভেল্লারো চেন্নাইয়িন এফসির হয়ে ফ্রি-কিক থেকে একটি ভালো শট নেন। জর্ডন মারের হেড একটুরক জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরইমধ্যে সুযোগ তৈরি করলেও মনবীর, লিস্টন, দিমিত্রিরা তা কাজে লাগাতে পারলেন না।
১৯ মিনিটে লিস্টনেক দুরন্ত শট বাঁচিয়ে দিলেন চেন্নাইয়িনের গোলরক্ষক দেবজিৎ। এরপর খেলায় ফেরে সবুজ মেরুন। ২৯ মিনিটে দলকে এগিয়ে দিলেন জনি কাউকো। কোলাসো বল ধরে দু'টি টার্ন নিয়ে ভিন্সিকে ডজ দেন। তার পর সতর্ক থাকা কাউকোকে ক্রস বাড়ান। কাউকো বল জালে জড়াতে কোনও ভুল করেননি।
প্রথমার্ধে বাগান ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে চেন্নাইয়িন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একটা ছন্নছাড়া ভাব এসেছিল সবুজ মেরুনের। ৭২ মিনিটে চেন্নাইয়িনকে সমতায় ফেরালেন জর্ডন মারে, জর্ডন মারে ডানদিক দিয়ে বল নিয়ে আক্রমণে ওঠেন। নিজেই গোল করলেন। আর সেই সুযোগটা তাঁকে বাগানের ডিফেন্ডাররাই দিয়েছেন। সকলে যেন দর্শক হয়ে দেখছিলেন।
এরপর আরও চেপে বসে চেন্নাইয়িন। ৮২ মিনিটে হেডে ২-১ করলেন রায়ান। যদিও ম্যাচেও অতিরিক্ত সময়ে যেন থ্রিলার হয়ে গেল। ৯৪ মিনিটে পেনাল্টি থেকে ২-২ করলেন দিমিত্রি। কিন্তু নাটকও তখনও বাকি ছিল। ৯৭ মিনিটে প্রতিআক্রমণ থেকে ৩-২ করে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলেন ইরফান।
শেষ পর্ৎন্ত ৩-২ গোলে ম্যাচ জিতল চেন্নাইয়িন।এদিন চেন্নাইয়িনের দুর্গ বার বার রক্ষা করলেন বাঙালি গোলরক্ষক দেবজিৎ। পুরানো দলের বিরুদ্ধে যেন বদলা নিলেন উত্তরপাড়ার বঙ্গ সন্তান।এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান এসজি। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট তাদের। লিগ শীর্ষে থাকা মুম্বইয়ের পয়েন্ট ৪১।












Click it and Unblock the Notifications