ISL 2023-24: সুনীলহীন বেঙ্গালুরুকে সমীহ ফেরান্দোর, টিম গেমেই আস্থা থাপার, থাকছে বিশেষ বাসের সুবিধা
পাঞ্জাব এফসির বিরুদ্ধে জয় অতীত। বুধবার মোহনবাগান সুপার জায়ান্টের মিশন বেঙ্গালুরু এফসি। প্রথম ম্যাচে জয় পাওয়ার পর ঘরের মাঠেই দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচের জয় এখন অতীত ফেরান্দো ব্রিগেডের কাছে। আইএসএলের প্রতিটি ম্যাচই নতুন চ্যালেঞ্জ সবুজ মেরুন ব্রিগেডের কাছে।
কার্ড সমস্যা কাটিয়ে এই ম্যাচে স্কোয়াডে ফিরছেন অনিরুদ্ধে থাপা। তবে ভারতীয় দলের তারকা মিডিওকে প্রথম একাদশে দেখা যাবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ পাঞ্জাব ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছেন না জুয়ান ফেরান্দো। আশিক ছাড়া আর কোনও ফুটবলারের চোট আঘাতের সমস্যা নেই। সুমিত রাঠি জাতীয় দলের খেলার জন্য স্কোয়াডে নেই। বাকি পুরো দলই পাচ্ছেন ফেরান্দো।

প্রথম ম্যাচেই কেরলের কাছে হারতে হয়েছে বেঙ্গালুরুকে। কিন্তু দক্ষিণী দলটিকে কখনই হালকাভাবে নিতে নারাজ মোহনবাগান এসজি কোচ। প্রাক্ ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসেছিলেন অনিরুদ্ধ থাপাকে সঙ্গী করেই। সেখানেই বাগান কোচ বলেন, 'বেঙ্গালুরু এফসি খুব ভালো দল, গতবার ওরা ফাইনালে পৌঁছেছিল। তাই আমাদের যে কোনও মুর্হূতের জন্য তৈরি থাকতে হবে।'
একইসঙ্গে ফেরান্দো উল্লেখ করেন, 'শুরুটা কী হয়েছে সেটা ভেবে এখন কোনও লাভ নেই। আমাদের মাথায় রাখতে হবে গতবার ওরা ফাইনালে খেলেছিল, সেটা মাথায় রেখেই আমাদের খেলতে হবে।' ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছেন, এএফসি এবং আইএসএলের প্রথম ম্যাচেও জয় এসেছে। কিন্তু এখনও যে তাঁর দলের খেলায় অনেকটা উন্নতি করতে হবে সেটা মানছেন ফেরান্দো।

স্প্যানিশ কোচের কথায়, 'সবে টুর্নামেন্টে শুরু হয়েছে। এটা একটা লম্বা লিগ। আমাদের খেলায় আরও উন্নতির প্রয়োজন আছে। আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি।' প্রতি ম্যাচের মতোই এই ম্যাচেও প্রথম একাদশ বাছা ফেরান্দোর কাছে কঠিন কাজ। গত ম্যাচে সাদিকু এবং হুগো বুমোসকে পরের দিকে নামিয়েছিলেন।
এএফসি সঙ্গে আইএসএল অল্প সময়ের মধ্যেই পর পর ম্যাচ খেলতে হচ্ছে মোহনবাগান এসজিকে। এই প্রসঙ্গে ফেরান্দোর জবাব, 'কম সময়ে অনেক ম্যাচ খেলতে হচ্ছে। নিজেদের অনেক কিছু কন্ট্রোল করতে হচ্ছে, তবে আমার হাতে বিকল্প অনেক এটা সুবিধার।'
এই ম্যাচে বেঙ্গালুরুর হয়ে খেলতে পারবেন না সুনীল ছেত্রী। তবে সুনীল ছাড়াও যে বেঙ্গালুরু শক্তিশালী দল তা মানছেন অনিরুদ্ধ থাপা। একইসঙ্গে তাঁর মুখে উঠে আসে টিম গেমের থিয়োরি। থাপার কথায়, 'আমাদের দলের সাজঘরের পরিবেশ অত্যন্ত ভালো। ম্যাচে কতক্ষণ খেললাম সেটা বড় কথা নয়, দলের জন্য কতাট অবাদন রাখলাম সেটাই গুরুত্বপূর্ণ।'

এদিকে বাগান সমর্থকদের জন্য সুখবর, মেট্রোর পর এবার বিশেষ বাসও চলবে ম্যাচের পর। বুধবার মোহনবাগান এসজি বনাম বেঙ্গালুরু এফ সি ম্যাচে অতিরিক্ত বাস চালাবে রাজ্য পরিবহণ দপ্তর।যুবভারতী স্টেডিয়াম থেকে সাতটি রুটে চলবে বাস। এর মধ্যে রয়েছে যাদবপুর, বিধাননগর স্টেশন, জোকা, ধর্মতলা, বারাকপুর, হাওড়া স্টেশন, গড়িয়া ও দক্ষিণেশ্বরও।












Click it and Unblock the Notifications