ISL 2023-24: আইএসএলে জয়ের সরণিতে মোহনবাগান সুপার জায়ান্ট, অনিরুদ্ধ ও কামিংসের গোলে হায়দরাবাদ বধ
ISL 2023-24: আইএসএলের দ্বিতীয়ার্ধে প্রথম জয় পেল মোহনাবাগান সুপার জায়ান্ট। কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-২ স্কোরলাইন রেখে মাঠ ছেড়েছিল আন্তোনিও লোপেজ হাবাসের দল।
আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ মেরুন হারাল হায়দরাবাদ এফসিকে। সেই সুবাদে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে চলে এলো গতবারের চ্যাম্পিয়নরা।

সুপার কাপের আগে মুম্বই সিটি এফসি, এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্স এফসির কাছে পরাস্ত হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি মাসে ডার্বি ড্র হয়। ফলে চার ম্যাচ পর আইএসএলে জয়ের সরণিতে ফিরল সবুজ মেরুন। হাবাস কোচ হয়ে আসার পর আইএসএলে এটিই প্রথম জয়।
ডিসেম্বরে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়েছিল বাগান। অ্যাওয়ে ম্যাচে। আজ গুয়াহাটিতে নর্থইস্টের কাছে কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গর পরাস্ত হওয়ার পর নিজেদের মাঠে দাপুটে জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি আইএসএলের লাস্ট বয় হায়দরাবাদ এফসি এদিন ১৪ ম্যাচে দশম পরাজয়ের সাক্ষী থাকল।
স্কোরলাইন ২-০ দেখালেও বাগানের দাপট এতে স্পষ্ট হচ্ছে না। ভাগ্য ভালো থাকলে মোহনবাগান সুপার জায়ান্টের জয়ের ব্যবধান আরও বাড়তেই পারতো। প্রথম থেকেই হায়দরাবাদের উপর চাপ বজায় রাখে বাগান। ১২ মিনিটে অনিরুদ্ধ থাপার গোল।
কর্নার থেকে নীচু বল ভাসিয়েছিলেন দিমিত্রি পেত্রাতস। হায়দরাবাদের ফুটবলাররা বল বিপন্মুক্ত করতে পারেননি। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে বাগানকে এগিয়ে দেন থাপা। প্রথমার্ধের ইনজুরি টাইমেই মনবীর সিংয়ের কাছ থেকে বল পেয়ে তা জালে জড়িয়ে দেন বিশ্বকাপার জেসন কামিংস।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও বাগান ব্যবধান বাড়ানোর চেষ্টা চালাতে থাকে। দিমিত্রি পেত্রাতস, কিয়ান নাসিরি গিরি, মনবীর সিং, সাহাল আবদুল সামাদরা বেশ কয়েকটি সুযোগ পেলেও তা গোলে রূপান্তরিত করতে পারেননি। তার মধ্যে ৫৬ মিনিটে পেত্রাতস ও কিয়ানের জোড়া প্রয়াস রুখে দেন হায়দরাবাদের গোলরক্ষক গুরমিত।
দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে গুরমিতকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি মনবীর। তবে ততক্ষণে বাগানের ৩ পয়েন্ট নিশ্চিত হয়েই গিয়েছিল। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট উঠে এলো চারে। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ওডিশা এফসি রয়েছে শীর্ষে। দুইয়ে রয়েছে এফসি গোয়া, ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিনে কেরালা ব্লাস্টার্স। বুধবার বাগানের অ্যাওয়ে ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications