ISL 2023-24: যুবভারতীতে বেঙ্গালুরু বধ, জয়ের ধারা অব্যাহত মোহনবাগান এসজির
আইএসএলে জয়ের ধারা বজায় রাখল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচে পাঞ্জাব এফসিকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও বেঙ্গালুরু এফসিকে হারাল সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের ফল ১-০। ম্যাচের একমাত্র গোলদাতা হুগো বুমোস।
কার্ড সমস্যা কাটিয়ে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম একাদশে আসেন অনিরুদ্ধ থাপা। সেইসঙ্গে প্রথম থেকেই খেলতে নামেন গতম্যাচের গোলদাতা মনবীর সিং। বাকি পাঞ্জাব ম্যাচের দলই অপরিবর্তিত রাখেন কোচ জুয়ান ফেরান্দো। প্রথম ম্যাচে কেরলের কাছে হারলেও সুনীলহীন বেঙ্গালুরু যে কঠিন প্রতিপক্ষ তা আগাম জানিয়েছিলেন সবুজ মেরুন কোচ। কার্যক্ষেত্রে সেটাই দেখা গেল। দক্ষিণের শহরের দলটিকে হারাতে বেশ বেগ পেতে হল সবুজ মেরুনকে।

আই লিগ হোক বা আইএসএল বিগত কয়েক বছরে মোহনবাগান(এটিকে হোক এসজি) বনাম বেঙ্গালুরু ম্যাচ অন্যমাত্রা পেয়েছে ভারতীয় ফুটবলে। গত বছর ফাইনালে এই দলকেই হারিয়ে আইএসএল খেতাব জিতেছিল জুয়ান ফেরান্দোর দল। তারই পুনরাবৃত্তি হল চলতি মরসুমের প্রথম ম্যাচেও। বেঙ্গালুরু রক্ষণ ভাঙা যে সহজ কাজ হবে না আগেই জানিয়েছিলেন জুয়ান ফেরান্দো।
স্প্যানিশ কোচের পর্যবেক্ষণ কতটা সঠিক ছিল তা বুধবারের ম্যাচেই দেখা গেল। কামিংস, হুগো, সাদিকু থেকে তাঁর হাতে থাকা সব অস্ত্রকেই ব্যবহার করেন ফেরান্দো। তবে কার্যক্ষেত্রে মাত্র একবারই বেঙ্গালুরুর জালে বল জড়াতে পারল সবুজ মেরুন জার্সিধারী ফুটবলাররা।
ঘরের মাঠে খেলার একটা বাড়তি সুবিধা প্রথম থেকেই ছিল মোহনবাগান এসজির। প্রথম থেকেই আক্রমণ শুরু করে জুয়ান ফেরান্দোর শিষ্যরা।মূলত প্রান্তিক আক্রমণের দায়িত্বই ছিল লিস্টন এবং মনবীরের উপরে। সামনে অজি তারকা জেসন কামিংস। কিন্তু বাগান শিবিরের সব আক্রমণই বেঙ্গালুরুর রক্ষণে এসে খেই হারিয়ে ফেলছিল।

পাল্টা চাপ বাড়ায় বেঙ্গালুরুও।১১ মিনিটে বাঁ-পায়ে জোরালো শট নেন রোশন। নিজের ডানদিকে ঝাঁপিয়ে ভালো সেভ করেন বিশাল কাইথ। পরের মিনিটেই রোহিত কুমারের শট কোনক্রমে গোললাইন সেভ করেন অনিরুদ্ধ থাপা। নাহলে বেঙ্গালুরুর এগিয়ে যাওয়া নিশ্চিত ছিল।
এরইসঙ্গে বেশ কয়েকটি সুযোগ এসেছিল মোহনবাগান এসজির ফুটবলারদের সামনে। কিন্তু সেগুলি থেকে গোল হয়নি। দিমিত্রি, কামিংসের সুযোগ নষ্টের ফলে প্রথমার্ধে কোনও গোলই করতে পারেনি সবুজ মেরুন। ফলে গোলশূণ্যভাবেই শেষ হয় প্রথম ৪৫ মিনিটের খেলা। তবে প্রথমার্ধে হলুদ কার্ড দেখেন বিএফসির রোহিত কুমার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে আরও জোর দেয় মোহনবাগান এসজি। ৪৯ মিনিটে বক্সের মধ্যে ফাউল করার দাবি তোলে সবুজ মেরুন। কিন্তু পেনাল্টির দাবি নাকোচ করে দেন রেফারি।তবে ৬৭ মিনিটে কাজের কাজটা করেলন হুগো বুমোস। তাঁর একটা গোলেই ম্যাচের ভাগ্য বদলে গেল।

গোলের পর জেসন কামিন্স, হুগো এবং আনোয়ার আলিকে তুলে নিলেন ফেরান্দো, নামালেন গ্লেন মার্টিন্স, আর্মান্দো সাদিকু এবং ব্রেন্ডন হামিলকে।দ্বিতীয়ার্ধে জোড়া লাল কার্ড দেখেন বেঙ্গালুরুর দুই ফুটবলার।সুরেশ সিং এবং রোশন সিং বেরিয়ে যাওয়ায় প্রথমে ১০ জন পরের দিকে ৯ মিনিটে ৯ জনে খেলতে হয় বেঙ্গালুরুকে।












Click it and Unblock the Notifications