ISL: জামশেদপুর ম্যাচের আগে ডার্বি ভাবনা নেই মোহনবাগান SG শিবিরে, হাবাস তিন পয়েন্টের লক্ষ্যে বদলাচ্ছেন রণকৌশল
ISL 2023-24: আইএসএলে কাল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ফেভারিট হিসেবেই এই ম্যাচে নামবে আন্তোনিও লোপেজ হাবাসের দল।
জামশেদপুর এফসিকে অ্যাওয়ে ম্যাচে গত নভেম্বরে ২-৩ গোলে হারিয়ে এসেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এবার লক্ষ্য ক্লিনশিট বজায় রেখেই তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়া।

হাবাসের মূল টার্গেট লিগ পর্বের শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা। মোহনবাগান সুপার জায়ান্ট ১৫টি ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। জামশেদপুর এফসি ১৭টি ম্যাচ খেলে ২০ পয়েন্ট ঝুলিতে পুরে ষষ্ঠ স্থানে রয়েছে। হাবাসের কথায়, হারের সম্ভাবনা নিয়ে ভাবছিই না। জেতার কথা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি আমরা।
এই ম্যাচের পরই ডার্বি। ফের প্রতিপক্ষ ইস্টবেঙ্গল। তবে জামশেদপুর ম্যাচের আগে কোনওভাবেই ডার্বি-ভাবনা শিবিরে ঢুকুক, চাইছেন না হাবাস। কালকের ম্যাচে পয়েন্ট খোয়ালেও এক নম্বর জায়গাই তাঁর পাখির চোখ, তার জন্য সর্বতোভাবে লড়াই চলবে বলে জানিয়েছেন বাগান কোচ।
ওডিশা এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে রক্ষণাত্মক ফুটবল খেলেছিল বাগান। সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়। এবার ঘরের মাঠ, প্রতিপক্ষও আলাদা। ফলে রণকৌশলে বদল যে আসবেই তা বুঝিয়ে দিয়েছেন হাবাস। তবে আগাম তা খোলসা করেননি। প্রতিপক্ষকে সমীহের চোখেই দেখছেন।
জামশেদপুর এফসি কলকাতায় এসেছে ইস্টবেঙ্গলকে হারিয়ে। জেরেমি মানজোরোর সেট পিস বিপজ্জনক, গোলও পাচ্ছেন। জামশেদপুরের সেট পিস ঠেকাতে যাতে ফাউল, কর্নার বেশি না হয়, সেজন্য বুদ্ধি করে খেলার পরামর্শ দিয়েছেন ফুটবলারদের। গোলের সুযোগ প্রচুর তৈরি হলেও গোল হচ্ছে না, তবে তা নিয়ে চিন্তিত নন হাবাস।
বিদেশি ডিফেন্ডার ব্রেন্ডান হ্যামিল সুস্থ হয়ে উঠেছেন। তিনি কালকের ম্যাচে নামতেও পারেন। দলে ফিটনেস বা চোট সমস্যা নিয়েও কোনও উদ্বেগ নেই। সদ্য চোট সারিয়ে ফিরেছেন আনোয়ার আলি। তিনি বলেন, মাঠে নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য। তাঁর ফুটবলে যে কোনও সময় চোট লাগতেই পারে। তবে যখন চোট পেয়ে বাইরে বসেছিলাম, তখনও যেমন দলের পাশে ছিলাম, এখন ফিট হয়ে ওঠার পরেও দলকে সাহায্য করতে প্রস্তুত।












Click it and Unblock the Notifications