ISL 2023-24: মোহনবাগান এসজিকে প্রবল চাপে রেখেছে মুম্বই, বেঙ্গালুরু ম্যাচের আগে বাগানে স্লোগান ৩ পয়েন্ট চাই
আইএসএলের গ্রুপ লিগের লড়াই যত শেষ দিকে এগোচ্ছে ততই জমে উঠছে লিগ শিল্ডের লড়াই। সোমবার ওড়িশা এফসিকে হারিয়ে সবুজ মেরুনকে চাপে ফেলে দিয়েছে মুম্বই সিটি এফসি। এই প্রেক্ষাপটে আগামী বৃহস্পতিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান এসজি। লিগ শিল্ড জয়ের দৌড়ে থাকতে হলে এই ম্যাচেও জয় ছাড়া বিকল্প নেই সবুজ মেরুনের কাছে।
ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-র কাছে না হারলে, জটিল অঙ্কের জালে ফাঁসতে হত না মোহনবাগান এসজি-কে। অপ্রত্যাশিতভাবে সেই ম্যাচ হেরে নিজেদের বিপদ ডেকে এনেছেন কামিংস-দিমিত্রিরা। ফলে বাকি সব ম্যাচই এখন ডু অর ডাই হয়ে উঠেছে। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে কোনও ক্রমে পাশ করেছেন শুভাশিসরা। এবার পরের মিশন বেঙ্গালুরু এফসি।

এই ম্যাচেও ডাগ আউটে থাকতে পারবেন না কোচ হাবাস। শারীরিক অসুস্থতা থেকে মুক্ত হতে পারছেন না স্প্যানিশ কোচ। মঙ্গলবারও সাংবাদিক সম্মেলনে এলেন তাঁর সহকারী ম্যানুয়েল পেরেজ। এদিকে আগের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হেরে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে গিয়েছে। তবুও ঘরের মাঠে সুনীলরা সব সময়ই কঠিন প্রতিপক্ষ। তাই বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে সতর্ক মোহনবাগান এসজি।
মঙ্গলবার যুবভারতীতে সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগানের সহকারী কোচ বলেন, 'আমাদের হাতে এখনও দুটো ম্যাচ আছে। তবে আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাইছি। আমাদের প্রথম লক্ষ্য বেঙ্গালুরু ম্যাচে জয় পাওয়া। আমরা আগামীকাল বেঙ্গালুরু উড়ে যাব।'
মোহনবাগান এসি শুধু হাবাসকেই নয় একইসঙ্গে বেঙ্গালুরু ম্যাচে পাবে না সাহাল আব্দুল সামাদকে। তারকা এই মিডিও দলের সঙ্গে বেঙ্গালুরু যাচ্ছেন না। তবে আশার আলো সালাহ দ্রুত ফিট হয়ে উঠছেন। মুম্বই ম্যাচে দলে ফিরতে পারেন সাহাল।
দলের ডিফেন্ডার হেক্টর জানিয়েছেন, তাদের কাছে সব ম্যাচই এখন জিততে হবে। তবে তারা অতিরিক্ত চাপ নিচ্ছেন না, নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চান।












Click it and Unblock the Notifications