ISL 2023-24: ইডেনে কেকেআরের খেলা, বদলে গেল আইএসএলের মোহনবাগান এসজি-মুম্বই ম্যাচের দিনক্ষণ
ইডেনে আইপিএলের খেলার জন্য বদলে গেল আইএসএলে মোহনবাগান এসজি ম্যাচের দিনক্ষণ। সোমবার সন্ধ্যায় আইপিএলের বাকি অংশের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়। ১৪ এপ্রিল ইডেনে ম্যাচ আছে কেকেআরের। ঔদিন আবার আইএসএলে মোহনবাগান এসজি ম্যাচও রয়েছে যুবভারতীতে। ফলে একইদিনে একই শহরে দুটি ম্যাচ হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। মঙ্গলবার দুপুরেই সবুজ মেরুন শিবির থেকে পাওয়া গেল বিরাট আপডেট।
ক্রিকেট ফুটবলের সংঘাত(ম্যাচের দিনক্ষণের) নতুন কোনও বিষয় নয় এই দেশে। বেশির ভাগ ক্ষেত্রেই জয় হয় ক্রিকেটেরই। এবারও আইএসএল -আইপিএল ম্যাচের মধ্যে সংঘাতে শেষ পর্যন্ত জিতল ক্রিকেটই। কেকেআরের খেলার জন্য পিছিয়ে গেল মোহনবাগান এসজির খেলা।

এরআগে ১৪ এপ্রিল বিকেল ৫.৩০ মিনিট থেকে মোহনবাগান এসজি- মুম্বই ম্যাচ হওয়ার কথা থাকলেও নতুন সূচিতে ১৫ এপ্রিল এই ম্যাচ হবে সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে। এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট তাদের। লিগ শীর্ষে থাকা মুম্বইয়ের পয়েন্ট ৪১। যদিও একটি ম্যাচ বেশি খেলেছে তারা। এই পরিস্থিতিতে লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে নির্ণায়ক হতে চলেছে এই ম্যাচ।
আরও একটি বিষয় ছিল বর্তমানে মোহনবাগান এসজি ম্যানেজমেন্টের প্রধান কর্তা সঞ্জীব গোয়েঙ্কাই লখনউ দলের মালিক। আইপিএল-এর ম্যাচের সঙ্গেই সেই ম্যাচ হলে আইএসএল-এর টিআরপি পড়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। পাশাপাশি দু'টি দলই সুপার জায়েন্টের। আইএসএল থেকে সম্প্রচারের টাকা পাওয়া না গেলেও, আইপিএল থেকে পাওয়া যায়। তাই সেখানে ভাগ বসুক তা চাইবেন না সঞ্জীব গোয়েঙ্কাররা। তাই সূচি বদল হওয়ায় স্বস্তিতে সঞ্জীব গোয়েঙ্কা ও দুই দলের টিম ম্যানেজমেন্টও।
মোহনবাগান-মুম্বই ম্যাচ হওয়ার কথা বিকেল পাঁচটায়। ইডেনে নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে তিনটেয়। ফলে শহর জুড়ে ব্যাপক যানজটের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগে ডার্বি নিয়েও এমন পরিস্থিতি হয়েছিল। সেবার যদিও উল্টোদিকে কোনও ম্যাচ ছিল না। ছিল তৃণমূলের ব্রিগেড। ম্যাচের দিন বদল না হলেও সময় বদল হয়েছিল।












Click it and Unblock the Notifications