ISL 2023-24: দিমিত্রিকে নিয়ে চিন্তা অব্যাহত ফেরান্দোর, হায়দরাবাদ ম্যাচের আগে সবুজ মেরুনে রয়েছে স্বস্তির খবরও
এএফসি কাপ অতীত। শনিবার থেকে মোহনবাগান সুপার জায়ান্টের ফের মিশন আইএসএলত। আইএসএলেও চার ম্যাচে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু এএফসি কাপের ব্যর্থতা হঠাৎ করেই দলের মনোবলকে তলানিতে নিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে শনিবার কলিঙ্গ স্টেডিয়ামে হায়দরাবাদ এফসির মুখোমুখি হচ্ছে জুয়ান ফেরান্দোর দল।
মরসুমের শুরুতেই তারকা খচিত দল গড়েছিল মোহনবাগান এসজি টিম ম্যানেজমেন্ট। একটা সোনায় মোড়া দল ফেরান্দোর হাতে তুলে দিয়েছিলেন কর্তারা। কিন্তু বর্তমানে চোট আঘাতের সমস্যায় জর্জরিত সবুজ মেরুন শিবির। আশিক কুরিয়ান চোট পেয়ে গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছেন। চোটের তালিকায় আনোয়ার আলি, দিমিত্রিরা। তবে বাগান শিবিরে সুখবর, চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন মনবীর সিং।

এক সপ্তাহ আগে অনুশীলনের মাঝে হঠাৎই পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে আসেন দিমিত্রি। এরপর পায়ে ক্রেপ জড়ানো অবস্থায় তাঁবু ছাড়তে দেখা যায় তাঁকে। সেই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত বল পায়ে অনুশীলনে নামেননি সবুজ-মেরুনের অজি তারকাকে। ওডিশা ম্যাচে তাঁর অভাব ভালোমতোই টের পাওয়া গিয়েছে। সাদিকু-জেসন কামিংসও ছন্দে নেই। ফলে শনিবারের ম্যাচের আগে চিন্তা বাড়ছে ফেরান্দোর।
ডুরান্ড কাপ জয় দিয়ে মরশুমের শুরুটা দারুণ করেছিল মোহনবাগান এসজি। তবে এএফসি কাপের মঞ্চে সেই ছন্দ ধরে রাখতে ব্যর্থ ফেরান্দোর শিষ্যরা, এএফসি কাপে প্রথম দুই ম্যাচে ওডিশা ও মাজিয়ার বিরুদ্ধে জয় পেলেও, পরের তিনটি ম্যাচে পয়েন্ট হারানোয় টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড।
এই পরিস্থিতিতে হারের ধাক্কা কাটিয়ে শনিবার জয়ের ছন্দে ফেরার চ্যালেঞ্জ সবুজ মেরুনের সামনে। পাশাপাশি অপরাজিত তকমাও ধরে রাখতে হবে। ৪ ম্যাচ খেলে বাগানের পয়েন্ট ১২। লিগ তালিকায় ৩ নম্বরে রয়েছে কামিংসরা। অন্যদিকে হায়দরাবাদ লিগের লাস্ট বয়। ৭ ম্যাচ খেলে নিজামের শহরের দলের পয়েন্ট ৩।
এই ম্যাচের আগে বাগান কোচ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, 'ওডিশার বিরুদ্ধে ম্যাচে দল শুরুটা ভালোই করেছিল। তবে প্রথমপর্বের শেষ ১০ মিনিট আমরা পুরোপুরি ম্যাচ থেকে হারিয়ে যাই। মানসিকভাবে কোনও সমস্যার মধ্যে পড়েছিলেন। দ্বিতীয়ার্ধে দল অনেকটাই ঘুরে দাঁড়লেও তা যথেষ্ট ছিল না। তবে ফুটবলারদের লড়াইয়ে আমি খুশি। আশা করছি, হায়দরাবাদ ম্যাচেই জয়ের ছন্দে ফিরবে।'












Click it and Unblock the Notifications