ISL 2023-24: পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ মোহনবাগান শিবির, জনিদের পাখির চোখ শুধুই লিগ শিল্ড
সোমবার আইএসএলের মেগা ম্যাচ। যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের লিগ শিল্ড জয়ের লক্ষ্যে নামছে মোহনবাগান এসজি এবং মুম্বই এফসি। যে দল জিতবে সেই দলই লিগ চ্যাম্পিয়ন হয়ে শিল্ড ঘরে তুলবে। ফলে এই ম্যাচের লড়াই বাড়তি মাত্রা পেয়েছে। সোমবার মুম্বই সিটিকে হারালে প্রথমবারের জন্য লিগ-শিল্ড জিতবে সবুজ-মেরুন। এরআগে আইএসএল চ্যাম্পিয়ন হলেও কখনও লিগ শিল্ড জেতেনি মোহনবাগান।
২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে মুম্বই সিটি এফসি। সমসংখ্যক ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের পয়েন্ট ৪৫। শেষ ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসিকে হারালেই লিগ শিল্ড জিতে যাবে সবুজ মেরুন।মুম্বই ম্যাচের আগে ফুটবলাররা নন মোহনবাগানের ফোকাসে যেন একজনই তিনি অ্যান্তোনিও লোপেজ হাবাস। শারীরিক অসুস্থতার জন্য শেষ তিন ম্যাচে মোহনবাগানের ডাগআউটে বসতে পারেননি।

সোমবারের ম্যাচে মোহনবাগান এসজির এক নম্বর শক্তি যদি হয়, তবে দুই নম্বর শক্তি যুবভারতীতে সবুজ-মেরুনের দর্শক সমর্থন। মুম্বইয়ের স্বস্তি, ২ পয়েন্টে এগিয়ে থাকা। ফলে ম্যাচ ড্র হলেও লিগ শিল্ড জিতবে মুম্বই। দলের গুরুত্বপূর্ণ সদস্য বিক্রম প্রতাপ সিংহকে কার্ড সমস্যার জন্য সোমবারের ম্যাচে পাবে না মুম্বই।গত বছর আইএসএল চ্যাম্পিয়ন হলেও, এবার শিল্ড জিতে এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলাই পাখির চোখ।
পরিসংখ্যানে মোহনবাগান এসজি পিছিয়ে থাকলেও তা নিয়ে বেশ চাপ নিতে নারাজ মোহনবাগান এসজি শিবির। এই ম্যাচের আগেও সাংবাদিক সম্মেলনে এসেছিলেন হাবাসের সহকারী ম্যানুয়েল পেরেজ। তিনি বলেন, 'অতীতে পরিসংখ্যান কি আছে সেটা নিয়ে ভেবে কোনও চাপ ফুটবলারদের উপর দিতে চাইছি না। আমাদের লক্ষ্য এই ম্যাচ জিতে লিগ শিল্ড জেতা।'
দলের নির্ভরযোগ্য ফুটবলার জনি কাউকো বলেন, 'প্রথম পর্বের মুম্বই ম্যাচ আমি ফিনল্যান্ডে বসেই দেখেছি, আমরা ভালো ছন্দে আছি, অতীতের ফলাফল দেখে কোনও রকম চাপ নিচ্ছি না।' এই ম্যাচেও সাহালকে পাওয়া নিয়ে ধন্দ আছে, কারণ ম্যাচের আগেরদিনও পুরো দমে অনুশীলন করতে পারলেন না নির্ভরযোগ্য এই মিডিও।
অন্যদিকে এই ম্যাচ নিয়ে মুম্বই কোচ ক্রাতকি বলেছেন, ''পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। আমি আত্মবিশ্বাসী। কারণ, আমাদের দল খুব ভাল। আমাদের ফুটবলারদের এই পরীক্ষায় পাশ করার ক্ষমতা রয়েছে। ম্যাচটা বেশ কঠিন হবে জানি। আমাদের পরিশ্রম করতে হবে। এই ম্যাচ অনেকটা মানসিক শক্তির লড়াই। মোহনবাগানও যথেষ্ট ভাল দল। তার উপর ঘরের মাঠে খেলবে। সব রকম সুবিধা ওরা পাবে। তাই আমাদের প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত সংঘবদ্ধ ভাবে লড়াই করতে হবে।''












Click it and Unblock the Notifications