ISL 2023-24: গোল তিনটি, লাল কার্ডের সংখ্যা ৫! মোহনবাগান সুপার জায়ান্টের নৌকাডুবি মুম্বইয়ের আরব সাগরে
ISL 2023-24: চলতি আইএসএলে নিজেদের অষ্টম ম্যাচে এসে প্রথম পরাজয়ের সম্মুখীন হলো মোহনবাগান সুপার জায়ান্ট। আজ মুম্বই সিটি এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ জিতলেই শীর্ষে চলে যেতে পারতো সবুজ মেরুন।
প্রথমার্ধে জেসন কামিংসের গোলে এগিয়েও গিয়েছিল সবুজ মেরুন। যদিও শেষরক্ষা হলো না। ম্যাচের মেজাজও ছিল বেশ চড়া। মোট ৫ জন ফুটবলার লাল কার্ড দেখেছেন।

ম্যাচের ১৩ মিনিটের মাথাতেই দশজনের হয়ে যায় মুম্বই সিটি এফসি। মনবীর সিংকে বাজেভাবে ট্যাকল করে লাল কার্ড দেখেন আকাশ মিশ্র। ২৫ মিনিটের মাথায় জেসন কামিংসের গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। ৪৪ মিনিটে গ্রেগ স্টুয়ার্টের গোলে সমতা ফেরাতে সক্ষম হয় মুম্বই সিটি এফসি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ৫৪ মিনিটের মাথায় আশিস রাই লাল কার্ড দেখেন। জর্জ পেরেইরা দিয়াজকে অবৈধভাবে বাধা দিয়ে। এই সময় দুই দলেরই ১ জন করে প্লেয়ার মাঠের বাইরে চলে যান। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের অস্বস্তি বাড়ে ৫৭ মিনিটে লিস্টন কোলাসো লাল কার্ড দেখায়।
ভালপুইয়াকে স্লাইডিং ট্যাকল করেছিলেন শুভাশিস বসু। রেফারি শুভাশিসকে কার্ড দেখালে লিস্টন রেফারির সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এরপরই লিস্টনকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে চলে যাওয়ার নির্দেশ দেন রেফারি। ৭৩ মিনিটের মাথায় ৯ জনের সবুজ মেরুন বাহিনীর বিরুদ্ধে গোল করে মুম্বইকে এগিয়ে দেন বিপিন সিং।
৮৮ মিনিটের মাথায় গ্রেগ স্টুয়ার্ট দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। মোহনবাগান সুপার জায়ান্ট সমতা ফেরানোর মরিয়া লড়াই চালাতে থাকলেও কাজের কাজ হয়নি। কয়েকটি সুযোগ নষ্ট করে মুম্বই সিটি এফসিও। ইনজুরি টাইমের ১০ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বিক্রম প্রতাপ সিং। ফলে এক ম্যাচে ৫ লাল কার্ড দেখালেন রেফারি।
মোহনবাগান এসজি ফাউল করেছে ১৩টি, মুম্বই ৯টি। বাগানের পাঁচ ফুটবলার এবং মুম্বই সিটি এফসির ২ জন ফুটবলার এদিন হলুদ কার্ড দেখেন। এই ম্যাচে হারলেও পয়েন্ট তালিকার তিন নম্বর জায়গাটি দখলে রাখল মোহনবাগান সুপার জায়ান্ট। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। মুম্বই সিটি এফসি ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। বাগানের গোলপার্থক্য ৯, মুম্বইয়ের ৮।
মোহনবাগান সুপার জায়ান্টের এর পরের ২টি ম্যাচ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে খেলে ২৭ ডিসেম্বর খেলবে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications