ISL 2023-24 MB vs EB: আইএসএল ডার্বি বিরতিতে ১-১! অজয়ের গোলের পাল্টা দিলেন সাদিকু
ISL 2023-24 MB vs EB: আইএসএলে প্রথম লেগে কলকাতা ডার্বির প্রথমার্ধ বেশ জমজমাট। ইস্টবেঙ্গল শুরুর দিকে বাগানের রক্ষণে চাপ বাড়ালেও ক্রমেই ম্যাচে ফেরে আন্তোনিও লোপেজ হাবাসের দল।
বিরতিতে খেলার ফল ১-১। ৩ মিনিটের মাথায় অজয় ছেত্রীর গোল এগিয়ে দেয় কলিঙ্গ সুপার কাপ জিতে আসা ইস্টবেঙ্গলকে। যদিও ১৭ মিনিটে আর্মান্দো সাদিকুর গোলে সমতা ফিরিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।

কিক অফের ১ মিনিটের মধ্যেই কর্নার আদায় করে নিয়েছিল ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের দল ৩ মিনিটের মাথায় এগিয়ে যায় অজয় ছেত্রীর গোলে। বাঁ প্রান্তে নওরেম মহেশের থেকে বল পেয়ে ক্রস ভাসিয়েছিলেন নিশু কুমার। নিশুকে এদিন কুয়াদ্রাত নামিয়েছেন সৌভিক চক্রবর্তী না থাকায়।
নিশুর মাপা ক্রস জালে জড়িয়ে দিতে কোনও ভুল করেননি অজয়। আইএসএলের ইতিহাসে তিনি ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় দ্রুততম গোলটি করলেন। ২ বছর আগে জামশেদপুর এফসির বিরুদ্ধে ভিপি সুহের গোল করেছিলেন ৯৮ সেকেন্ডের মাথায়। সেই নজির স্পর্শ করতে না পারলেও গুরুত্বপূর্ণ কাজটি করেন অজয়।
৯ মিনিটে বাগান শিবিরের উদ্বেগ বাড়ান চোট সমস্যা কাটিয়ে মাঠে ফেরা আনোয়ার আলি। এদিন তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পান। তাঁর পরিবর্ত হিসেবে আমনদীপকে নামান হাবাস। ১৭ মিনিটে সাদিকুর গোল। ব্রেন্ডন হ্যামিলের ক্রস থেকে গোল করে তিনি সমতা ফেরান।
এরপর চোট সমস্যার কবলে পড়ে ইস্টবেঙ্গল। ঘড়ির কাঁটা ২০ মিনিট ছোঁয়ার আগেই সাউল ক্রেসপোকে তুলে সায়ন বন্দ্যোপাধ্যায়কে নামান কুয়াদ্রাত। চোটের কারণেই ক্রেসপোকে লাল হলুদ কোচ তুলে নিলেন বলে মনে করা হচ্ছে। এরপর থেকে অবশ্য ইস্টবেঙ্গলের অর্ধেই বারবার আক্রমণ শানাতে থাকে মোহনবাগান সুপার জায়ান্ট।
৩৩ মিনিটে হলুদ কার্ড দেখেন বাগান অধিনায়ক শুভাশিস বোস। ইস্টবেঙ্গল লিড নেওয়ার চেষ্টা চালাতে থাকলেও লাল হলুদ রক্ষণকে চাপেই রাখছিলেন বিপজ্জনক সাদিকু। ৪০ মিনিট নাগাদ দীপক টাংরির থেকে বল পেয়েও অনেকটা বাইরে মেরে বসেন তিনি। হাফ টাইমের আগে নন্দ ও নিশু কুমার গোল করার পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন। তবে বল জালে জড়াতে পারেননি।
হোসে আন্তোনিও পারদো বক্সের বাইরে থেকে যে শটটি নিয়েছিলেন তাও প্রতিহত হয়। সতর্ক ছিলেন বাগান কিপার বিশাল কাইথ। প্রথমার্ধে সবচেয়ে বেশি গোলের সুযোগ নষ্ট করেছেন সাদিকু। তিনি লক্ষ্যভেদ করতে পারলে এগিয়ে থাকতে পারত বাগান। বল দখলের লড়াইয়ে আপাতত অনেকটাই এগিয়ে বাগান। শুভাশিসের পাশাপাশি কিয়ান হলুদ কার্ড দেখেছেন। তবে ইস্টবেঙ্গলের কেউ কার্ড দেখেননি।












Click it and Unblock the Notifications