ISL 2023-24: ক্লেইটন-অজয়ের পারফরম্যান্সে উচ্ছসিত কুয়াদ্রাত, কেমন আছেন মহেশ সিং?
বেশ কয়েক বছর পর আবার ডার্বি ম্যাচে অমীমাংসিতভাবে শেষ হল। দুই দলেরই প্রাপ্তি ১ পয়েন্ট। তবে বড় চিন্তার বিষয় হল চোটের উদ্বেগ। দুই দলের বেশ কয়েকজন ফুটবলার চোট পেলেন। হাসাবকে যেমন চিন্তায় রাখছে হ্যামিল-আনোয়ারের চোট তেমনই নওরম মহেশ সিংকে নিয়েও উদ্বেগ লাল হলুদ শিবিরে।
শনিবার ডার্বি ম্যাচে চোট পেয়ে উঠে যেতে হয় নাওরেম মহেশকে। গোটা ম্যাচেই তাঁকে অনেক বার বিপক্ষের ফাউলের শিকার হতে হয়েছে। কিন্তু শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন ভারতীয় দলের এই ফুটবলার।এই প্রসঙ্গে ম্যাচ শেষে কুয়াদ্রাত বলেছেন, 'শুনেছি মহেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওকে সাজঘরে দেখিনি। জানি না এখন কী অবস্থায় রয়েছে।'

শুধু নাওরেম নন ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের আরও এক তারকা সউল ক্রেসপোও চোট পেয়েছেন। ইস্টবেঙ্গলের আক্রমণ চলাকালীন মোহনবাগান এসজির আনোয়ার আলির সঙ্গে ডুয়েল হয় ক্রেসপোর। ইস্টবেঙ্গল ফুটবলার আনোয়ারকে কাটিয়ে বেরিয়ে যেতেই হ্যামস্ট্রিং পুল হয় সবুজ মেরুনের তারকা ডিফেন্ডারের। আর সেই আক্রমণ শেষ করতে গিয়েই চোট পান ইস্টবেঙ্গলের ফুটবলারও।
ভারতীয় ফুটবলে রেফারি নিয়ে অভিযোগ কম নয়। ডার্বি ম্যাচেও তার ব্যচিক্রম হল না। সারা ম্যাচে মোট ২২টি ফাউল হয়েছে। বারবারই রেফারি সুনীল কুমার গুপ্তার রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে।
ম্যাচ শেষে লাল হলুদ কোচ বলেন, এত বাজে রেফারিংয়ের কারণেই আমরা মাঠে তিন পয়েন্ট ফেলে এলাম। এই ধরনের রেফারিংয়ে ভারতীয় ফুটবলের ক্ষতি হয়ে যাবে!' লাল হলুদের স্প্যানিশ কোচ আরও বলেছেন, শুনেছি এই রেফারি ভারতের সেরা রেফারি, তাঁর খেলানোর মান যদি এমন হয়, সেটি চিন্তার বিষয়।
ইস্টবেঙ্গল শিবিরে এ বারের আইএসএলের প্রথম ডার্বিতে তারকা হয়ে উঠলেন অজয় ছেত্রী। ম্যাচের তিন মিনিটেই দলকে এগিয়ে দিয়েছিলেন। ইস্টবেঙ্গল জিতলে হয়তো গোলের সঠিক মূল্যায়ণ হত। ডার্বিতে প্রথম গোল। সেই কৃতিত্বও কম নয়। অজয় বলছেন, 'ডার্বিতে প্রথম গোল। স্বপ্নপূরণ হল। কোচ আমার উপর ভরসা রেখেছিলেন। আমার তরফে কোচ কুয়াদ্রাতকে গুরুদক্ষিণা'।
ফুটবলারদের লড়াকু মনোভাবের প্রশংসা করে কুয়াদ্রাত বলেন, "আমি অজয়কে নিয়ে খুবই খুশি। ডার্বির মতো হাইভোল্টেজ ম্যাচে ও যেভাবে পারফর্ম করল সেটা অনেকদিন সবাই মনে রাখবে।ক্লেইটন কত বড় ফুটবলার সেটা বারবার বলে দেওয়ার দরকার নেই। " এদিকে আজ রাতেই কলকাতায় আসছেন ভিক্টর ভাসকুয়েজ।












Click it and Unblock the Notifications