ISL 2023-24: যুবভারতীতে অতিথি কেএল রাহুল, মেগা ফুটবল ম্যাচে মজলেন লখনউ অধিনায়ক
ফুটবল মাঠে ২২ গজের নক্ষত্ররা। সোমবার সন্ধ্যায় আইএসএলের মেগা ম্যাচে মুখোমুখি হয়েছে মোহনবাগান এসজি এবং মুম্বই সিটি এফসি। এই ম্যাচে সবুজ মেরুন দলকে সমর্থন জানাতে যুবভারতীতে হাজির হলেন লখনউ সুপার জায়ান্টস দলের ক্রিকেটাররা।গতকাল ইডেনে সবুজ-মেরুন জার্সিতে মাঠে নেমেছিলেন কেএল রাহুলরা।
এদিন মোহনবাগানের সমর্থনে যুবভারতীতে হাজির কেএল রাহুল। ভিভিআইপি বক্সে বসে বাগানের খেলা দেখলেন। সঙ্গী লখনউ সুপার জায়ান্টসের তিন সাপোর্ট স্টাফ লান্স ক্লুজনার, জন্টি রোডস, মর্নি মর্কেল। রবিবার ইডেনে লখনউ দল কেকেআরের মুখোমুখি হয়েছিল। খেলা হয়ে গেলেও শহর ছাড়েননি লখনউ দলের ক্রিকেটাররা।

মোহনবাগান মুম্বই ম্যাচ ঘিরে যুবভারতীতে উত্তেজনা ছিল চরমে। ৬২ হাজারের গ্যালারি প্রায় পূর্ণ ছিল, ফলে মোহনবাগানের খেলা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন কেএল রাহুলরা। তাঁর সঙ্গে দেখা গেল উৎসব পারেখকে।
খাতায় কলমে কেএল রাহুলরা উত্তরপ্রদেশের প্রতিনিধি হলেও দলের মালিকের নাম সঞ্জীব গোয়েঙ্কা। তার উপর তিনি মোহনবাগান এসজির চেয়ারম্যান। ইডেনে দল নামানোর আগেই সবুজ মেরুন আবেগ উস্কে দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা।মোহনবাগান মাঠের ঠিক উল্টোদিকেই রবিবার ক্রুণাল পাণ্ডিয়া-মার্কাস স্টইনিসরা সবুজ মেরুন আবেগে গা ভাসালেন। রবিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সি পরে খেলেন কেএল রাহুলরা।
সোমবার ভরা যুবভারতীতে রাহুলরা টের পেলেন ইডেনের থেকে কোনও অংশে কম নয় যুবভারতীও।












Click it and Unblock the Notifications