ISL 2023-24: হায়দরাবাদ ম্যাচের আগে ধাক্কা মোহনবাগান এসজি শিবিরে, জেনে নিন হ্যামিল-আনোয়ারের চোটের আপডেট
বড় ম্যাচ অতীত। এবার মোহনবাগান এসজির লক্ষ্য ঘরের মাঠে হায়দরাবাদ ম্যাচ। আগামী শনিবার ঘরের মাঠে এই ম্যাচে খেলতে নামছে হাবাসের দল। কিন্তু এই ম্যাচের আগে বড় ধাক্কা সবুজ মেরুন শিবিরে। ডার্বি ম্যাচে চোট পেয়েছিলেন আনোয়ার আলি এবং ব্রেন্ডন হ্যামিল? আগামী ম্যাচে কী এই দুই ফুটবলার মাঠে নামতে পারবেন? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
গত ৩ ফেব্রুয়ারি যুবভারতীতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন আনোয়ার। তার দ্বিতীয়ার্ধে চোটের কারণে খেলতে পারেননি হ্যামিলও। এই দুই ফুটবলারের চোট রক্ষণ নিয়ে ফের উদ্বেগ বাড়াচ্ছে সবুজ মেরুন শিবিরের। মঙ্গলবার সকালে যুবভারতীর ট্রেনিং সেন্টারে ক্লোজডোর অনুশীলন করে হাবাসের দল। চোট পাওয়া দুই ফুটবলারও অনুশীলনে উপস্থিত ছিলেন।

এরআগে চোটের কবলে পড়েছিলেন আনোয়ার। এর জেরে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। কিন্তু চোট কাটিয়ে ডার্বি ম্যাচে প্রত্যাবর্তনের পরই ফের চোটের কবলে পড়লেন আনোয়ার। হ্যামিল এবং আনোয়ারকে না পাওয়ায় হায়দরাবাদ ম্যাচে নতুন করে রক্ষণ সাজাতে হবে হাবাসকে।
কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই রক্ষণে বিশেষ জোর দিচ্ছেন হাবাস। দলের গোল খাওয়াকে আটকাতে চাইছেন তিনি। বাগান শিবিরে সুখবর, চোট কাটিয়ে আশিস রাই অনেকটাই ফিট হয়ে উঠেছেন। তবে নিজামের শহরের দলের বিরুদ্ধে আশিস খেলবেন এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।
মঙ্গলবারের অনুশীলন সাহাল আব্দুল সামাদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন হাবাস। কারণ মাঝমাঠে সাহালকে বিশেষভাবে ব্যবহার করার পরিকল্পনা নিয়েছেন তিনি।চারটে হলুদ কার্ড হয়ে যাওয়ায় হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে আরও দুই ফুটবলরকে পাবে না মোহনবাগান। এই ম্যাচে খেলবেন না আর্মান্দো সাদিকু ও দীপক টাংরি। অর্থাৎ পরের ম্যাচে নিয়মিত দলের চার ফুটবলারকে পাবেন না হাবাস।
ফলে বুমোসকে হয়ত দলে ফেরানো হবে।জনি কাউকো এবং বুমোস উভয়েই ভিআইপি গ্যালারিতে বসে বড় ম্যাচ দেখলেন। ফলে ফরাসি স্ট্রাইকারকে নিয়ে রহস্য ঘনীভূত হছিল, কিন্তু দলের সঙ্গে অনুশীলন করছেন বুমোস।












Click it and Unblock the Notifications