ISL 2023-24: জর্ডান থেকে এল জর্ডনের বদলি, লক্ষ্মীবারেই বড় ঘোষণা লাল হলুদের
লক্ষ্মীবারের দুপুরে বড় ঘোষণা ইমামি ইস্টবেঙ্গলের। অবশেষে জর্ডন এলসের বিকল্প ফুটবলার দলে নিল টিম ম্যানেজমেন্ট। এশীয় কোটার বিদেশি হিসাবে জর্ডনের জায়গায় দলে এলেন হিজাজি মাহের। বৃহস্পতিবার সরকারিভাবে জর্ডনের জাতীয় দলের ফুটবলারের নাম ঘোষণা করল ইমামি।
জর্ডন এলসে ইমামি ইস্টবেঙ্গলের হয়ে খেলতে নেমেই নিজের জাত চিনিয়েছেন। তাঁর দক্ষতায় মুগ্ধ হয়েছেন সকলে। তাঁর চোট দলের কাছে ধাক্কার। ডুরান্ড কাপ ফাইনােলে চোট পেয়ে পুরো মরসুমের জন্যই ছিটকে গিয়েছেন তিনি। কিন্তু অজি তারকার বিকল্প কে হবেন তা নিয়ে চর্চা চলছিল লাল হলুদের অন্দরের। কারণ ট্রান্সফার উইন্ডো আপাতত বন্ধ। ফলে ফ্রি ফুটবলার নিতে হবে, এমনকি তাঁকে এশিয়ার হতে হবে।

এই পরিস্থিতিতে জর্ডানের ডিফেন্ডার হিজাজির সঙ্গে চুক্তি করল ইমামি। ২৬ বছরের এই ডিফেন্ডার জর্ডানের জাতীয় দলে নিয়মিত খেলেন। জর্ডান প্রিমিয়ার লিগে আল হুসেন এসসি-র হয়ে খেলেছেন। পাশাপাশি লোনে ইরাক প্রিমিয়ার লিগের ক্লাবে জাখো এসসি-তেও খেলেছেন। তাঁর সিভি মনে ধরে কুয়াদ্রাতের। শেষ মরসুমে ২৯ ম্যাচ খেলার পাশাপাশি ৫ গোলও রয়েছেন জর্ডানের জাতীয় দলের ফুটবলারের নামের পাশে।
নতুন ফুটবলারের প্রসঙ্গে কার্লোস কুয়াদ্রাত প্রেস বিবৃতিতে বলেন, 'গত মরসুমে ইরাক প্রিমিয়ার লিগে খেলার পর, জর্ডানের আন্তর্জাতিক খেলোয়াড় হিজাজির প্রতিভার পরিচয় পাওয়া যায়। হিজাজি আরও এক মরসুম আকর্ষণীয় এশিয়ান লিগে খেলা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, আমাদের সৌভাগ্য আমরা ওকে পেয়েছি। এর জন্য ইমামির দ্রুত পদক্ষেপ অত্যন্ত কার্যকরী হয়েছে।'

একইসঙ্গে কুয়াদ্রাত আশাবাদী, 'ও একজন তরুণ ফুটবলার নতুন জায়গায় এসে চ্যালেঞ্জ নিতে এবং লড়াই করতে প্রস্তুত এবং হিজাজি ভারতীয় ফুটবলে প্রভাব ফেলতে চায়।' কলকাতায় আসার পর তাঁর মেডিকেল টেস্ট হবে তারপরই চূড়ান্ত সই পর্ব হবে। তবে কবে আসবেন কলকাতায় সেটা এখনও উল্লেখ করা হয়নি।
আইএসএল-এর প্ৰথম ম্যাচে খেলতে নেমে জামশেদপুরের বিপক্ষে জিততে পারেনি ইস্টবেঙ্গল। এমন অবস্থায় তড়িঘড়ি এশিয়ান বিদেশি স্টপারের কোটায় হিজাজি মাহেরকে সই করাল। ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গিয়েছে। তবে ফ্রি এজেন্ট হিসাবে মাহেরকে সই করানো হল। একজন বিদেশি কম থাকলে অন্য দলের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়বে লাল হলুদ। আর আইএসএলের শুরুতেই পয়েন্ট খোয়ালে পরের দিকে চাপ বাড়বে।
২০১৬ সাল থেকে পেশাদার ফুটবলে নিজের যাত্রা শুরু করেন হিজাজি মাহের। শাবাব আল ওরডোন থেকে তিনি যোগ দেন আল আহিলকে। একবছর সেখানে থাকার পর তিনি ২০১৭ সালে ফের যোগ দেন শাবাব আল ওরডোনে। সেখানে তিনি পাঁচ বছর ছিলেন। ২০২২ সালে তিনি যোগ দেন আল হুসেন এসসিতে।












Click it and Unblock the Notifications