ISL 2023-24: নওরেমের সঙ্গে চুক্তি বাড়াল ইমামি ইস্টবেঙ্গল, জামশেদপুরের বিরুদ্ধে আইএসএল অভিযানের আগে বড় ঘোষণা
ISL 2023-24: আইএসএলে সোমবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসি ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। কাল সকালে সাংবাদিকদের মুখোমুখি হবেন হেড কোচ কার্লেস কুয়াদ্রাত।
তার আগেই ইমামি ইস্টবেঙ্গলের তরফে বড় ঘোষণা করে দেওয়া হলো। নওরেম মহেশ সিংয়ের সঙ্গে চুক্তির মেয়াদ তিন বছরের জন্য বাড়ানো হলো। ২০২৭ অবধি লাল হলুদ জার্সি গায়েই দেখা যাবে নওরেমকে।

ইমামি গ্রুপের পক্ষে সন্দীপ আগরওয়াল বলেন, লাল-হলুদ ব্রিগেডে যোগদানের পর থেকেই নওরেম নিজেকে ম্যাচ-উইনার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। প্রতিনিয়ত তিনি যেমন নিজের খেলার উন্নতি ঘটিয়ে চলেছেন তাতে তিনি অনেক তরুণ ফুটবলারদেরও অনুপ্রাণিত করছেন। ক্লাব ও ভারতীয় দলের হয়ে নওরেমের পারফরম্যান্স দেখেই এই সিদ্ধান্ত।
ইমামি ইস্টবেঙ্গল এফসি-র হেড কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, মহেশের চুক্তি বৃদ্ধির বিষয়টি সত্যিই দারুণ খবর। ভারতের হয়েও এই তরুণ আক্রমণভাগের ফুটবলার নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন। ক্লাবের হয়েও মাঠে নেমে দলের মানসিকতা বুঝে পরিকল্পনার বাস্তবায়ন ঘটাচ্ছেন সঠিকভাবেই। ভারতীয় দলের হয়েও নওরেমের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মত কুয়াদ্রাতের।

লাল হলুদের হয়ে ৪৮টি ম্যাচ খেলে ৮টি গোল করেছেন, অ্যাসিস্ট ৭টি। বছর ২৪-এর নওরেম মহেশ সিং বলেন, ইস্টবেঙ্গল আমার কাছে শুধু ক্লাব নয়। আমার পরিবার। আমি এই ক্লাবের হয়েই প্রথম আইএসএল খেলার সুযোগ পাই। সেই ধারা অব্যাহত থাকবে বলে ভালো লাগছে। ক্লাব কর্তৃপক্ষ ও কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নওরেম।
নিজের খেলার উন্নতি ঘটানোর ক্ষেত্রে সতীর্থ ও সাপোর্ট স্টাফদের সহযোগিতার কথাও উল্লেখ করেছেন নওরেম। মণিপুরের এই ফুটবলার গত মরশুমের আইএসএলে গোল করানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা নেওয়ায় তাঁর নামের পাশে অ্যাসিস্টের সংখ্যা ৭। চলতি বছর সুপার কাপে তিনটি গোল করেন নওরেম।
আইএসএলের ইতিহাসে নওরেমই প্রথম ফুটবলার যাঁর অ্যাসিস্টের হ্যাটট্রিক রয়েছে। গত মরশুমে জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে সেই নজির গড়েন। গত মার্চে ভারতীয় দলে অভিষেক হয় নওরেমের। দেশের হয়ে তিনটি খেতাব জিতেছেন। ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, ২টি গোল রয়েছে। একটি নেপাল ও অপরটি ইরাকের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications