ISL 2023-24: লক্ষ্য নক আউট পর্ব, সুপার কাপে হারালেও কেন জামশেদপুরকে নিয়ে বাড়তি সতর্ক কুয়াদ্রাত?
পর পর দুই ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের ছন্দে ফিরেছে কার্লোস কুয়াদ্রাতের দল।বৃহস্পতিবার জামশেদপুরের বিরুদ্ধে জিতে জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য লাল হলুদ বাহিনীর। এই ম্যাচ জিতলে প্রথম ছয়ের মধ্যে প্রবেশ করতে পারবে ইস্টবেঙ্গল। সেটাই এখন বাড়তি মোটিভেশন ক্লেইটন-সৌভিকদের কাছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জামশেদপুরের ঘরের মাঠে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। দুই এক জন ফুটবলার ছাড়াই সবাই ফিট আছেন। ফলে পুরো দলকেই হাতে পাচ্ছেন কোচ কার্লোস কুয়াদ্রাত। লাল হলুদ কোচ আশাবাদী হায়দরাবাদ ম্যাচের মতোই এই ম্যাচেও তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে তাঁর দল। সুপার কাপের ম্যাচে এই দলকেই হেলায় হারিয়েছিল ইস্টবেঙ্গল। যদিও অতীত ভুলে ফুটবলারদের সামনে তাকানোর পরামর্শ দিয়েছেন কুয়াদ্রাত।

তবে প্রতিপক্ষ দল নিয়ে বেশ সতর্ক কার্লোস কুয়াদ্রাত। তাঁর কথায়, ' সুপার কাপে যে দল খেলেছিল তার থেকে এই জামশেদপুর দলটা বেশি শক্তিশালী। তবে আমরাও ভাল ফুটবল খেলেছি শেষ ম্যাচে। মুম্বই ম্যাচের ভিডিও ফুটবলারদের দেখিয়েছি তাঁরা কোথায় ভুল করেছিল সেটাও বলেছি। মুম্বই ম্যাচে দ্বিতীয়ার্ধে দল ভালো খেলেছিল। আশা করি সুপার কাপে যে খেলা খেলেছিলাম সেটা এখানেও দেখাতে পারব।'
এর পাশাপাশি লাল হলুদের হেডস্যার বলেছেন, 'আমাদের প্রতিপক্ষ দলে প্রতিভার অভাব নেই। আমাদের মতো ওরাও নক আউট পর্বে জায়গা পাওয়ার জন্য লড়াই করছে। আমরাই শেষ দল যারা জামশেদপুরকে হারাতে পেরেছি। তবে কঠিন লড়াই তা নিয়ে সন্দেহ নেই। আমরা জয়ের জন্যই নামব।'
বুধবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন আলেকজান্ডারও। ফলে তাঁকে দলে রেখেই যে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ কুয়াদ্রাত তা এক প্রকার স্পষ্ট। বৃহস্পতিবারের ম্যাচটা যতটা বেশি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর, তার থেকেও বেশি খালিদ জামিল বনাম ইস্টবেঙ্গল।খালিদ বনাম কুয়াদ্রাতের রণকৌশল এই ম্যাচের অন্যতম আর্কষণ।
এই ম্যাচ জিততে পারলে, সেরা ছয়ের মধ্যে ঢুকে পড়বে। জামশেদপুর ধারে-ভারে ইস্টবেঙ্গলের থেকে শক্তিশালী। ১৪ ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের পয়েন্ট ১৫। অন্যদিকে ১৬ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট জামশেদপুরের।












Click it and Unblock the Notifications