ISL 2023-24: ঘরের মাঠে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, চেন্নাইয়িনকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে থাকল লাল হলুদ
জামশেদপুরের বিরুদ্ধে হারের পর ঘরের মাঠে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। সোমবার যুবভারতীতে চেন্নাইয়িন এফসিকে ১-০ গোলে হারিয়ে ফের জয়ের সরণীতে ফিরল লাল হলুদ। সেইসঙ্গে প্লে অফের আশা জিইয়ে রাখল কার্লোস কুয়াদ্রাতের দল।
জামশেদপুরের কাছে হারের ফলে নক আউটে উঠার স্বপ্নে জোর ধাক্কা লেগেছিল লাল হলুদের। এই পরিস্থিতিতে ঘরের মাঠে জয়ের ফেরাই লক্ষ্য ছিল লাল হলুদ বাহিনীর। এই ম্যাচে পুরো পয়েন্ট না পেলে নক আউটের লড়াই আরও কঠিন হয়ে যেত কার্লোস কুয়াদ্রাতের দলের। কিন্তু ঘরের মাঠে পুরো তিন পয়েন্ট তুলে নিয়ে প্লে অফের আশা জিইয়ে রাখলেন নন্দ কুমার-ক্লেইটনরা।

দ্বিতীয়ার্ধে নিজের কৌশলে বদল আনেন কুয়াদ্রাত। ফেলিসিয়োকে তুলে নিয়ে নামান পিভি বিষ্ণুকে। যাতে অনেকটাই পাল্টে গেল লাল হলুদের খেলার ধরণ।
পান্টিচকে আনেন রাকিপের জায়গায়। ম্যাচের ৬৫ মিনিটে গোল পায় ইস্টবেঙ্গল। ভিক্টরের থেকে নন্দকুমার বাঁ দিকের পোস্টে বল পান। তিনি লক্ষ্যে শট মারেন। বলটি চেন্নাইয়ের ফুটবলারের পায়ে লেগে জালে জড়ায়। ১-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। গোলের লক্ষ্যে মরিয়া হয়ে উঠে দক্ষিণী গলটি। ইস্টবেঙ্গলের গোলের পরেই দলের অন্যতম সেরা অস্ত্র রাফায়েল ক্রিভেলারোকে নামিয়ে দেন ওয়েন কয়েল। তাতে দক্ষিণী দলের খেলার গতি বাড়ে।।
এই লিড ধরে রেখেই জয় তুলে নেয় ইস্টবেঙ্গল। সঙ্গে মূল্যবান তিন পয়েন্ট।এই জয়ের ফলে আইএসএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকল তারা। বেঙ্গালুরুকে টপকে পয়েন্ট তালিকায় উঠে এল আট নম্বরে। এখন ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট ইস্টবেঙ্গলের।
ঘরের মাঠে সমর্থকদের সামনে একাধিক গোলে জিতলে পারত ইস্টবেঙ্গল দল। কিন্তু গোল নষ্ট করার প্রবণতা ও আসল সময়ে রক্ষণে কাঁপুনি কোচকে বাকি ম্যাচেও চিন্তায় রাখবে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ক্লেইটন যেভাবে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও তা হাতছাড়া করলেন তাতে কুয়াদ্রাতের চিন্তা বাড়বে।
জয়ের পর কার্লোস কুয়াদ্রাতের অভিব্যক্তিই বলে দিচ্ছিল যেন চাপের প্রেসার কুকার থেকে বেরিয়ে এলেন তিনি।ম্যাচ সেরার পুরস্কার পান নন্দ কুমার, ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার পর সম্প্রচারকারী চ্যানেলে নন্দকুমার বলেন, 'প্রথমার্ধে আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তনের পরই আমাদেৱ খেলার স্টাইল পাল্টে যায়।আমরা গোল পাই। এই তিন পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য।'
আগামী ২৯ ফেব্রুয়ারি লাল হলুদের পরের ম্যাচে ওডিশার সঙ্গে। এবারের আইএসএলে দুটি হলুদ কার্ড হয়ে যাওয়ায় ওড়িশা ম্যাচে রিজার্ভ বেঞ্চে থাকতে পারবেন না ইস্টবেঙ্গল হেড কোচ কুয়াদ্রাত।












Click it and Unblock the Notifications