ISL 2023-24: আইএসএলে প্রথম ডার্বি জয়ের সন্ধানে ইস্টবেঙ্গল! কুয়াদ্রাত স্পষ্ট করলেন লক্ষ্য, সৌভিকের জায়গায় কে?
ISL 2023-24: আইএসএলের ইতিহাসে এখনও মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে জয় পায়নি ইস্টবেঙ্গল। তবে চলতি মরশুমে তিনটি কলকাতা ডার্বিতে লাল হলুদ চিরপ্রতিদ্বন্দ্বী সবুজ মেরুনের চেয়ে এগিয়ে ২-১-এ।
ডুরান্ড কাপে গ্রুপ পর্বে মোহনবাগান এসজিকে হারালেও ফাইনালে মধুর প্রতিশোধ নিয়েছিল সবুজ মেরুন। যদিও কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গল গ্রুপ পর্বের দ্বৈরথেই উড়িয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে।

কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। ১২ বছর পর প্রথম সর্বভারতীয় ট্রফি। গতকাল গোটা টিমকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিল ইনভেস্টর ইমামি গ্রুপ। এই পরিস্থিতিতে কলকাতা ডার্বিতে ফোকাস ঠিক রাখাই চ্যালেঞ্জ হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের কাছে। যদিও ম্যাচের আগের দিন তাঁকে বেশ আত্মবিশ্বাসীই দেখাল।
কুয়াদ্রাত এদিন বলেন, মোহনবাগান এসজি আমাদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে। সেটা বাড়তে দেওয়া চলবে না। কালকের ম্যাচ থেকে ৩ পয়েন্ট তুলে নিয়ে সেই ব্যবধান কমানোই লক্ষ্য। এটা ঠিক, বড় ট্রফি জিতলে মনঃসংযোগে সমস্যা হয়। তবে দলের সব ফুটবলারই দায়িত্ব পালনে প্রস্তুত। তাঁরা আরেকটি বড় ম্যাচ খেলার জন্য প্রস্তুত।
কলিঙ্গ সুপার কাপের দলে থাকা বোরহা হেরেরা ও হাভিয়ের সিভেরিও লোনে অন্য দলে গিয়েছেন। নতুন যে দুই বিদেশিকে সই করানো হয়েছে তাঁরা চলতি আইএসএলের প্রথম ডার্বিতে নেই। তবে যে বিদেশিরা রয়েছেন তাঁদের দক্ষতায় আস্থা রয়েছে। বোরহা নিজেই এফসি গোয়াতে খেলতে আগ্রহী ছিলেন বলে জানান কুয়াদ্রাত। ফলে তিনি বাধা দেননি।
ইস্টবেঙ্গল কাল কিছুটা সমস্যায় পড়তে পারে মাঝমাঠে সৌভিক চক্রবর্তী না থাকায়। কলিঙ্গ সুপার কাপ ফাইনালে তিনি অতিরিক্ত সময়ের খেলা চলাকালীন দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। সেই সাসপেনশন জারি থাকবে কালকের ম্যাচেও। সৌভিকের জায়গায় কাকে নামানো হয়, সেটাই চর্চার বিষয়।
সৌভিক মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচে কলিঙ্গ সুপার কাপে কার্যত বোতলবন্দি করে রেখেছিলেন হুগো বুমোসকে। কালকের ম্যাচে মাঝমাঠে মোহনবাগান সাহাল আবদুল সামাদকে খেলাতে পারে। তিনিও বেশ বিপজ্জনক। ফলে মাঝমাঠে সৌভিকের অভাব মেটানো কম কথা নয়। পরিকল্পনা তৈরি রাখলেও খোলসা করেননি কুয়াদ্রাত। মনে করা হচ্ছে, নিশু কুমারকে তিনি সৌভিকের বিকল্প হিসেবে দেখে নিতে পারেন।
আইএসএলের পয়েন্ট তালিকায় ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে সবুজ মেরুন। কাল তাদের হোম ম্যাচ। ইস্টবেঙ্গল ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে।












Click it and Unblock the Notifications