ISL 2023-24: লক্ষ্যহীন পাঞ্জাবের বিরুদ্ধে সতর্ক কুয়াদ্রাত, কঠিন অঙ্কে ইস্টবেঙ্গলের প্লে-অফের সমীকরণ
শেষ ল্যাপে আইএসএলের গ্রুপ পর্বের লড়াই। বাংলার দুই দলের কাছে দুই ভিন্ন লক্ষ্য। একদিকে মোহনবাগান এসজি লড়াই চালাচ্ছে লিগ শিল্ড জয়ের জন্য। অন্যদিকে, লাল হলুদ অঙ্ক কষছে প্লে-অফে যাওয়ার জন্য। পাটীগণিতের অঙ্ক কষেই বুধবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলতে নামছে লাল হলুদ। কার্লেস কুয়াদ্রাতের দলকে শুধু জয় পেলেই হবে না, একইসঙ্গে কঠিন অঙ্কও মেলাতে হবে।
এবারের আইএসএলে প্লে-অফে যাবে ছয়টি দল। তাই অঙ্কের বিচারে ক্ষীণ আশা এখনও আছে লাল হলুদের। আইএসএল ফুটবলে লিগ টেবলে যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল ২১টি ম্যাচ খেলে ২৪ পয়েন্ট সংগ্রহ করেছে। লাল হলুদের প্রধান দুই প্রতিপক্ষ নর্থ ইস্ট ও চেন্নাইয়িন এফসি। পাঞ্জাবের বিরুদ্ধে জিতলে ইস্টবেঙ্গল লিগের শেষ করবে ২৭ পয়েন্টে।

অঙ্কের হিসাবকে দূরে সরিয়ে আপাতত ইস্টবেঙ্গলের যাবতীয় ফোকাস শুধুই বুধবারের পাঞ্জাব ম্যাচ। মঙ্গলবার সকালে পাঞ্জাব বধের শেষ মহড়া শেরে নিল লাল হলুদ। এই ম্যাচে নির্বাসন কাটিয়ে ডাগ আউটে ফিরছেন কোচ কার্লেস কুয়াদ্রাত। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামতে পারবেন না সৌভিক চক্রবর্তী এবং গোলরক্ষক গিল। ফলে কিছুটা হলেও সমস্যায় পড়বে লাল হলুদ।
পাঞ্জাবের এই মুহুর্তে জয়ের তাগিধ খুব বেশি নেই। কারণ ২১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা রয়েছে লিগের ১১ নম্বরে। ফলে জিতলে তাদের প্লে অফে যাওয়ার আশাও খুবই কম। এই পরিস্থিতিতে পাঞ্জাবকে সমীহ করছেন কোচ কার্লেস কুয়াদ্রাত।
মঙ্গলবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে কুয়াদ্রাত বলেন, 'এই মুহূর্তে পাঞ্জাবের জয়ের ক্ষিদে নেই। কিন্তু এই দলের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা জিতে আমাদের কাজটা করে রাখব। বাকিটা আমাদের হাতে নেই।'












Click it and Unblock the Notifications