ISL 2023-24: ইস্টবেঙ্গলের টানা দ্বিতীয় পরাজয়ে বাড়ল সমস্যা, আইএসএলে পয়েন্ট তালিকার চারে মুম্বই সিটি এফসি
ISL 2023-24: কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ইস্টবেঙ্গল সমর্থকরা আশায় বুক বাঁধছিলেন আইএসএলে ঘুরে দাঁড়ানোর। কিন্তু কোথায় কী? আইএসএলের দ্বিতীয়ার্ধেও হারের বদভ্যাস বদলাল না লাল হলুদের।
আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে পৌঁছে গেল মুম্বই সিটি এফসি। প্লে-অফের রাস্তা ক্রমেই কঠিন হচ্ছে কুয়াদ্রাতের দলের।

মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করার পর গত শনিবার নর্থইস্ট ইউনাইটেড এফসির কাছে ২-৩ গোলে পরাস্ত হয়েছিল লাল হলুদ। তিন দিনের ব্যবধানে ২টি ম্যাচ খেলতে হলো। ফলে আজ প্রথম একাদশে ৬টি পরিবর্তন করতে হয়েছিল ইস্টবেঙ্গল হেড কোচ কার্লেস কুয়াদ্রাতকে।
তার উপর কার্ড সমস্যার কারণে এই ম্যাচে ছিলেন না ক্লেইটন সিলভা। মুম্বই সিটি এফসি আজ শুরু থেকেই চাপ বজায় রেখেছিল ইস্টবেঙ্গল রক্ষণের উপর। ইস্টবেঙ্গল সেই সময় রক্ষণাত্মক রণকৌশল নেওয়ায় চাপ বাড়তে থাকে। ২৪ মিনিটে ইকের গুয়ারক্সসেনার জয়সূচক গোলটি আসে।
গোল শোধের প্রয়াস চালালেও মুম্বই সিটি এফসির রক্ষণকে ভেদ করতে পারেনি লাল হলুদ। প্রতিপক্ষের গোলকিপারকে চ্যালেঞ্জের মুখে ফেলা তো দূরের কথা। মুম্বই সিটি এফসি বল দখলের শতাংশের নিরিখে ৬৭-৩৩ ব্যবধানে এগিয়ে ছিল। ইস্টবেঙ্গলের পাসিং অ্যাকিউরেসি যেখানে ৬৩ শতাংশ, মুম্বইয়ের ৮৭ শতাংশ।
শটস অন টার্গেট মুম্বইয়ের ৩, ইস্টবেঙ্গলের ০। মুম্বই যেখানে ১০টি কর্নার আদায় করে নিয়েছে, লাল হলুদের ক্ষেত্রে তা মাত্র ২। আজ হারলেও ফুটবলারদের পাশেই রয়েছেন কার্লেস। তাঁর কথায়, সুপার কাপ জেতার পর আইএসএলে ম্যাচগুলির ফলাফল মানানসই নয় ঠিক। কিন্তু মনে রাখতে হবে, এটি আলাদা টুর্নামেন্ট। আলাদা কম্বিনেশন।
চোট, কার্ড সমস্যা ও রেফারির কিছু সিদ্ধান্তের কারণেই ইস্টবেঙ্গল যে প্রত্যাশিত জায়গায় নেই সেটাই বোঝাতে চেয়েছেন কোচ। শেষ মুহূর্তের কিছু সিদ্ধান্তে যে জেতা ম্যাচ হারতে বা ড্র করতে হয়েছে, সেটাও এদিন উল্লেখ করেছেন কুয়াদ্রাত। তারই মধ্যে ফেলিসিও, হিজাজি, ভিক্টরদের মতো বিদেশিদের খেলা তাঁকে সন্তুষ্ট করছে।
ইস্টবেঙ্গলের পরের ম্যাচ আগামী শনিবার। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। ১৪ ম্যাচে একটিতেও জেতেনি হায়দরাবাদ। ৪টি ড্র, ১০টি হার। সেই হায়দরাবাদের বিরুদ্ধে আবার কার্ড সমস্যায় লালচুননুঙ্গা ও নওরেম মহেশকে পাবে না লাল হলুদ। আজ যেভাবে মহেশকে হলুদ কার্ড দেখতে হলো, তাতে রেফারির সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছেন ভারতীয় দলের তারকা।
ইস্টবেঙ্গল এদিন ম্যাচ হেরে নেমে গেল দশম স্থানে। ১৩ ম্যাচে পয়েন্ট ১২। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে মুম্বই সিটি উঠে এলো চারে। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট থাকা মোহনবাগান সুপার জায়ান্ট নেমে গেল পাঁচে। কুয়াদ্রাত অবশ্য এখনই প্লে-অফের আশা ছাড়ছেন না। বাকি ৯টি ম্যাচের মধ্যে পর্যাপ্ত সংখ্যক ম্যাচ জিতে ইস্টবেঙ্গলকে প্লে-অফে তোলাই এখন পাখির চোখ কুয়াদ্রাতের। চ্যালেঞ্জ কঠিন হলেও।












Click it and Unblock the Notifications