ISL 2023-24: বেঙ্গালুরুর বিরুদ্ধে এগিয়ে থেকেও হার ইস্টবেঙ্গলের, আইএসএলে রেফারিং নিয়ে অসন্তোষ কুয়াদ্রাতের
ISL 2023-24: আইএসএলের নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম পরাজয়ের সম্মুখীন হলো ইস্টবেঙ্গল। আজ বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে এগিয়ে থেকেও পরাস্ত লাল হলুদ।
বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পাশাপাশি লাল হলুদের পরাজয়ে ফ্যাক্টর হলো রেফারিং। ম্যাচের শেষে ফুটবলারদের আগলে রেফারিং নিয়ে অসন্তোষ ঝরে পড়ল হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের গলায়।

নিজের পুরানো দলের বিরুদ্ধে তাঁর বর্তমান দল যেভাবে খেলেছে তাতে খুশি লাল হলুদের হেড কোচ কুয়াদ্রাত। বল দখলের লড়াইয়ে বেঙ্গালুরুর চেয়ে এগিয়ে ইস্টবেঙ্গল। লাল হলুদ যেখানে ৫২.৫ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে, সেখানে বেঙ্গালুরুর দখলে ছিল ৪৭.৫ শতাংশ বল। ইস্টবেঙ্গলের টার্গেটে শট ৪টি, বেঙ্গালুরুর ২টি।
সুযোগ তৈরি করেও প্রচুর বল বাইরে মেরেছে ইস্টবেঙ্গল। সংখ্যার নিরিখে বেঙ্গালুরুর শট অফ টার্গেট লাল হলুদের এক-চতুর্থাংশ। কুয়াদ্রাত বলেন, আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছি। তবে সুযোগ সদ্ব্যবহার করার ক্ষেত্রে উন্নতি করতে হবে। ফুটবলারদের চাপ দিচ্ছি না। তাঁরা ভালো খেলছেন। তবে লক্ষ্য অবিচল থাকার বিষয়টি নিয়ে অনুশীলনে জোর দেব।

১৫ মিনিটে নওরেম মহেশের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। থ্রু বল বাড়িয়েছিলেন নন্দ কুমার। ফার্স্ট টাচে প্রতিপক্ষের রক্ষণভাগের ফুটবলারদের হতভম্ব করে ঠান্ডা মাথায় গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে পরাস্ত করে বল জালে জড়ান মহেশ। ভারতীয় দলের হয়ে খেলে আসার পর যেভাবে মহেশ খেললেন তাতে খুশি কুয়াদ্রাত।
২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সুনীল ছেত্রী। চলতি আইএসএলে তিনিও আজই প্রথম ম্যাচ খেললেন। ১৮ গজের বক্সে মন্দার রাও দেশাই অবৈধভাবে বাধা দিয়েছেন বলে পেনাল্টি দেন রেফারি। যদিও লাল হলুদ শিবিরের দাবি, সুনীলকে ফেলে দেননি মন্দার। এটা পেনাল্টি ছিল না। বিরতিতে খেলার ফল ছিল ১-১।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও বেঙ্গালুরুর উপর চাপ বজায় রাখতে থাকে ইস্টবেঙ্গল। মহেশের পাসকে গোলে পরিণত করতে পারেননি নন্দ কুমার। বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। কুয়াদ্রাত মনে করছেন, দল ভালো খেললেও এবার থেকে গোল নষ্টের খেসারৎ দেওয়া বন্ধ করতে হবে। সেটা নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলকে পেনাল্টি পাওয়া থেকে রেফারি বঞ্চিত করেছেন বলে লাল হলুদ শিবিরের দাবি। কুয়াদ্রাত বলেন, জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আগের ম্যাচে হ্যান্ডবল হওয়া সত্ত্বেও রেফারি পেনাল্টি দেননি। আজকের ম্যাচেও তার পুনরাবৃত্তি হলো। এই সিদ্ধান্তগুলি আমাদের বিপক্ষে না গেলে আমরা ভালো জায়গায় থাকতাম।
ম্যাচে ফারার গড়ে দেয় জাভি হার্নান্দেজের করা গোল। রোহিত দানুর থেকে বল পেয়ে বাইসাইকেল কিকে বল জালে জড়ান ম্যাচের ৭২ মিনিটের মাথায়। এই গোলটিই বেঙ্গালুরুর ৩ পয়েন্ট নিশ্চিত করে দিল। ম্যাচের সেরাও হয়েছেন জাভি। ২১ অক্টোবর ইস্টবেঙ্গল খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে। ২৫ অক্টোবর বেঙ্গালুরুর প্রতিপক্ষ সেই গোয়াই।
৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গল এখন পঞ্চম স্থানে। ৩ ম্যাচে প্রথম জয় ছিনিয়ে ৩ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু রইল আটে।
(ছবি- ইমামি ইস্টবেঙ্গল মিডিয়া)












Click it and Unblock the Notifications