ISL 2023-24: আইএসএলে ৫ গোলের মালা নর্থইস্টকে পরাল ইস্টবেঙ্গল, ২ মাসের বেশি সময় পর ফিরল জয়ের সরণিতে
ISL 2023-24: আইএসএলে দুই মাসেরও বেশি সময় পর জয়ের সরণিতে ফিরল ইস্টবেঙ্গল। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ৫-০ গোলে হারাল কার্লেস কুয়াদ্রাতের প্রশিক্ষণাধীন দল।
এবারের আইএসএলের শুরুটা ভালোই করেছিল লাল হলুদ। তবে বেশ কয়েকটি ম্যাচে এগিয়ে থেকেও সবমিলিয়ে ১৩ পয়েন্ট খুইয়ে বেকায়দায় পড়ে ইস্টবেঙ্গল। আজকের জয় নিশ্চিতভাবেই দলের সঙ্গেই স্বস্তি দিল সমর্থকদের।

সেপ্টেম্বরের ৩০ তারিখ হায়দরাবাদ এফসিকে ২-১ গোলে হারিয়েছিল লাল হলুদ। চেন্নাইয়িন এফসি ম্যাচ ১-১ গোলে ড্র রাখার পর আজ বড় জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। পারস্পরিক সাতটি সাক্ষাতে নর্থইস্টকে এই নিয়ে দ্বিতীয়বার পরাস্ত করল লাল হলুদ। তিনটি ম্যাচে নর্থইস্টের কাছে হেরেছে, ২টি ম্যাচ ড্র।
অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেড এফসি এই নিয়ে টানা ২১টি অ্যাওয়ে ম্যাচে জয়ের মুখ দেখতে পারল না। হারল ১৬টি ম্যাচে, ড্র হয়েছে ৫টি। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ঘরের মাঠে ১-১ ড্র করে কলকাতায় এসেছিল নর্থইস্ট। গত মরশুমে তারা ২০টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছিল। চলতি আইএসএলে এটি তাদের তৃতীয় পরাজয়।
আজকের ম্যাচে দাপট নিয়েই খেলল ইস্টবেঙ্গল। জয়ের ব্যবধান বাড়তেও পারতো। প্রথমার্ধে এগিয়ে ছিল ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে হলো তিনটি গোল। ১৪ মিনিটে বোরহা হেরেরার গোল এগিয়ে দেয় লাল হলুদকে। ২৪ মিনিটে ক্লেটন সিলভার গোলে ব্যবধান বাড়ে। ৬২ মিনিটে নন্দকুমার শেখর দলের তৃতীয় গোলটি করেন। এর চার মিনিট পরেই চার-শূন্যে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
ক্লেটন নিজের দ্বিতীয় তথা দলের চতুর্থ গোলটি করেন ৬৬ মিনিটের মাথায়। ইস্টবেঙ্গলের পঞ্চম গোলটি আসে ৮১ মিনিটে, নন্দকুমারের দ্বিতীয় গোল। ফলে আজকের ম্যাচে জোড়া গোল করলেন ক্লেটন ও নন্দকুমার। ইনজুরি টাইমে পেনাল্টি আদায় করেছিল নর্থইস্ট। যদিও নেস্তর আলবিয়াকের গোল বারে প্রতিহত হয়।
চলতি আইএসএলে দ্বিতীয় জয় ইস্টবেঙ্গলকে পয়েন্ট তালিকার সাতে তুলে নিয়ে গেল। লাল হলুদ সাত ম্যাচ খেলে ২টিতে জিতেছে, হেরেছে ২টি, ড্র করেছে তিনটি ম্যাচ। পয়েন্ট হলো ৮। চেন্নাইয়িন এফসি ৮ ম্যাচে ৮ পয়েন্ট পেয়েছে। নর্থইস্ট ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। শনিবার ঘরের মাঠে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসিকে হারালে পয়েন্ট তালিকার আরও উপরে উঠে আসবে কুয়াদ্রাতের দল।
পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে এফসি গোয়া। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে কেরালা ব্লাস্টার্স। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তিনে মোহনবাগান সুপার জায়ান্ট। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারে ওডিশা এফসি। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে মুম্বই সিটি এফসি।












Click it and Unblock the Notifications