ISL 2023-24: নন্দকে নিয়ে ধোঁয়াশা অব্যাহত, কুয়াদ্রাতকে স্বস্তি দিয়ে গোয়া ম্যাচে খেলবেন ক্রেসপো?
বুধবার আইএসএলের ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। আইএসএলের প্লে অফের লড়াইয়ে থাকার জন্য এই ম্যাচে তিন পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ লাল হলুদের কাছে। সোমবার সকালে যুবভারতীয় ট্রেনিং সেন্টারে অনুশীলন করে কার্লোস কুয়াদ্রাতের দল। বিকেলের বিমানে গোয়া উড়ে যাবেন ক্লেইটন-সৌভিকরা। মঙ্গলবার গোয়াতে অনুশীলন করবে ইস্টবেঙ্গল দল।
সোমবার অনুশীলনে বেশ হাসি খুশি মেজাজেই দেখা গেল লাল হলুদ ফুটবলারদের। শেষ ম্যাচে ওডিশার কাছে হেরে প্লে অফের পথ কিছুটা কঠিন করে ফেলেছে লাল হলুদ। তাই ফুটবলারদের চাপ মুক্ত রেখেই এই ম্যাচে খেলাতে চাইছেন লাল হলুদের হেডস্যার। কঠিন গোয়া ম্যাচের আগে অবশ্য স্বস্তি অস্বস্তি দুই আছে ইস্টবেঙ্গল শিবিরে।

সোমবার অনুশীলন শেষে সাংবাদিক সম্মেলনে লাল হলুদ কোচ বলেন, 'ক্রেসপো দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন। দীর্ঘ সাত ম্যাচ পর আমরা অবশেষে ছয় বিদেশি নিয়েই মাঠে নামতে পারব। এটা দলের জন্য ভালো দিক।' অন্যদিকে হিজাজির প্রসঙ্গে কার্লোস কুয়াদ্রাত বলেন, 'এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে হিজাজি ফেরায় দল আরও শক্তিশালী হবে।'
তবে এই ম্যাচের আগেও নন্দকে নিয়ে ধন্দ অব্যাহত। কারণ সোমবার তাঁকে অনুশীলন করতে দেখা গেল না। মাঠের ধারে ফিজিওর সঙ্গে সময় কাটালেন। ওডিশা ম্যাচের আগেও অনুশীলন করেননি নন্দ। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন।
গোয়া ম্যাচের আগে কোচ কার্লোস বলেন, আমাদের জন্য তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, গোয়া শক্তি শালী টিম, সমস্যার মধ্যে যেতে হচ্ছে আমাদের, গোয়া খুব ভালো জায়গায় ছিল তবে তারাও পয়েন্ট হারাচ্ছে। হিজাজি বলেন, 'আমি খুশি যে কোচ আমার উপর ভরসা রেখেছেন। আমি এখানে সব সময় সেরাটা দিতে চাই।'
আইএসএলের পয়েন্ট তালিকার চার নম্বরে আছে গোয়া। ১৬টি ম্যাচের মধ্যে জিতেছে আটটি ম্যাচে। পাঁচটি ম্যাচে ড্র করেছে। হেরে গিয়েছে তিনটি ম্যাচে। পয়েন্ট ২৯। গোলপার্থক্য আট। ইস্টবেঙ্গল আছে নয় নম্বরে। ১৭টি ম্যাচ খেলেছে লাল-হলুদ বাহিনী। জিতেছে চারটি ম্যাচে। সাতটি ম্যাচে হেরে গিয়েছে। ছ'টি ম্যাচে ড্র করেছে। গোলপার্থক্য হল এক। ঝুলিতে ১৮ পয়েন্ট আছে।












Click it and Unblock the Notifications