ISL 2023-24: নীল-সাদা কম্বিনেশনে জয়ের সরণিতে ইস্টবেঙ্গল, ক্লেইটনের গোলে হায়দরাবাদ বধ
ISL 2023-24: নীল-সাদা কম্বিনেশনে আইএসএলে জয়ের সরণিতে ফিরল লাল হলুদ। অ্যাওয়ে ম্যাচে আজ ইস্টবেঙ্গল জয় ছিনিয়ে নিল পয়েন্ট তালিকার সবচেয়ে নীচে থাকা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে।
জয়ের খরা মেটায় সাময়িক স্বস্তি এলো। কিন্তু গোলপার্থক্য বাড়িয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করল কার্লেস কুয়াদ্রাতের দল। ম্যাচের একমাত্র গোলটি করলেন অধিনায়ক ক্লেইটন সিলভা।

হায়দরাবাদের গাচ্চিবৌলি স্টেডিয়ামে এই জয়ের ফলে পয়েন্ট তালিকার ১১ থেকে অষ্টম স্থানে উঠে এলো ইস্টবেঙ্গল। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে। ম্যাচের ১১ মিনিটের মাথায় জয়সূচক গোল করেন ক্লেইটন। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ফ্রি কিক থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি সিলভা।
দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে হায়দরাবাদের দুই ফুটবলার দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথমে আলেক্স সাজি ও পরে জোয়াও ভিক্টর। আইএসএলের দ্বিতীয়ার্ধের চতুর্থ ম্যাচে এসে ইস্টবেঙ্গল জয়ের মুখ দেখল ক্লেইটন সিলভার হেড থেকে করা গোলের সৌজন্যে। ভাগ্য সুপ্রসন্ন থাকলে জয়ের ব্যবধান বাড়তেও পারতো। ক্লেইটন একাই কয়েকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।
মোহনবাগান এসজির বিরুদ্ধে ড্রয়ের পর নর্থইস্ট ইউনাইটেড ও মুম্বই সিটি এফসির কাছে পরাস্ত হয়েছিল লাল হলুদ। তারপর এদিনের বহু প্রতীক্ষিত জয়। দুই প্রান্ত থেকে একের পর এক ক্রসে হায়দরাবাদ এফসির অনভিজ্ঞ ডিফেন্সকে বিব্রত রাখতে যে আক্রমণাত্মক স্ট্র্যাটেজি কুয়াদ্রাত নিয়েছিলেন তারই সুফল পেল ইস্টবেঙ্গল।
লাল হলুদের গোলের পিছনে নিশু কুমারের অবদান রয়েছে। তাঁর ভাসানো ক্রসে কিছুটা লাফিয়ে উঠে ক্লেইটন মাথা ছুঁইয়ে হায়দরাবাদের গোলকিপার গুরমীত সিংকে পরাস্ত করে বল জালে পাঠান। দ্বিতীয়ার্ধে ভিক্টর ভাসকুয়েজের ক্রসে হেড দিলেও নিয়ন্ত্রণের অভাবে গোল করতে পারেননি হিজাজি মাহের।
আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল ইস্টবেঙ্গল। যা থেকে গোল করতে পারলে গোলপার্থক্য ভালো জায়গায় নিয়ে যেতে পারতো কুয়াদ্রাতের দল। তবে তা সত্ত্বেও লাল হলুদ এদিন টপকে গিয়েছে চেন্নাইয়িন এফসি ও বেঙ্গালুরু এফসিকে। ২২ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের পরের ম্যাচ জামদেশপুর এফসির বিরুদ্ধে। সেটিও লাল হলুদের অ্যাওয়ে ম্যাচ। অন্যদিকে, হায়দরাবাদ এফসি প্রথম জয়ের লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামবে।












Click it and Unblock the Notifications