ISL 2023-24: আইএসএলে জয়ের ধারা অব্যাহত কেরালা ব্লাস্টার্সের, লুনার গোলে প্রথম পরাজয় জামশেদপুরের
ISL 2023-24: আইএসএলে জয়ের ধারা অব্যাহত রাখল কেরালা ব্লাস্টার্স এফসি। আজ নিজেদের মাঠে তারা হারিয়ে দিল জামশেদপুর এফসিকে। যার সুবাদে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো কেরালা।
মোহনবাগান সুপার জায়ান্ট ও কেরালা ব্লাস্টার্স- দুই দলই ২টি করে ম্যাচ খেলে ৬ পয়েন্ট ঘরে তুলেছে। তবে গোলপার্থক্যে এগিয়ে সবুজ মেরুন। আজকের ম্যাচের একমাত্র গোলটি করেছেন আদ্রিয়ান লুনা। চলতি আইএসএলে এটি জামশেদপুরের প্রথম হার।

কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৭৪ মিনিটে দিমিত্রস ডায়মন্তাকোসের সঙ্গে যুগলবন্দিতে জামশেদপুরের জালে বল জড়ান লুনা। জামশেদপুর রক্ষণ আগলে গোল করার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল। ফলে রক্ষণ ভেদ করা কঠিন হচ্ছিল কেরলের দলটির। যদিও লাগাতার চাপ বজায় রাখছিল ব্লাস্টার্স।
জামশেদপুর সমস্যায় পড়ে ম্যাচের ১৫ মিনিটে। মাঝমাঠের বড় ভরসা ইমরান খান হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠের বাইরে চলে যান। রিকি লালাওমাওমাকে নামানো হলেও ইমরানের অভাব অনুভূত হয় জামশেদপুরের মাঝমাঠে। ম্যাচের প্রথমার্ধে গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কেরালা।
দ্বিতীয়ার্ধে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করে জামশেদপুর। ৬২ মিনিটে কেরালা দিমিত্রসের সঙ্গে নামায় ভিবিন মোহননকে। দিমিত্রসের সঙ্গে আক্রমণে উঠে এসে তার মিনিট ১২ পরেই লুনার জয়সূচক গোল। এরপর জামশেদপুর সমতা ফেরানোর মরিয়া প্রয়াস চালায়। যদিও কয়েকটি ভালো সেভ করে দলকে রক্ষা করেন সচিন সুরেশ।
এদিনের অ্যাওয়ে ম্যাচে হেরে যাওয়ায় পয়েন্ট তালিকায় জামশেদপুর এফসি রয়েছে সপ্তম স্থানে। সোমবার আইএসএলে এফসি গোয়া নিজেদের মাঠে খেলবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications