ISL 2023-2024: জামশেদপুরকে উড়িয়ে দুইয়ে মোহনবাগান SG, লাইফলাইন পেল ইস্টবেঙ্গল
ISL 2023-2024: আইএসএলে দুরন্ত ছন্দে মোহনবাগান সুপার জায়ান্ট। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফের জয়ের সরণিতে ফিরল আন্তোনিও লোপেজ হাবাসের দল।
জামশেদপুর এফসিকে ৩-০ গোলে চূর্ণ করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো সবুজ মেরুন ব্রিগেড। সুবিধা হলো ইস্টবেঙ্গলেরও।

আক্রমণাত্মক পন্থা নিয়েই এদিন শুরু থেকে গোলের জন্য ঝাঁপায় মোহনবাগান সুপার জায়ান্ট। ৭ মিনিটের মাথায় বাগানকে এগিয়ে দেন দিমিত্রি পেত্রাতস। জামশেদপুরের রক্ষণকে ভেঙে মনবীর সিংকে পাস বাড়ান জনি কাউকো, মনবীর কার্যত সাজিয়ে দেন গোল করার জন্য। বল পেয়ে কোনও ভুল করেননি পেত্রাতস।
গোল শোধের মরিয়া প্রয়াস চালাতে থাকে জামশেদপুর। কিন্তু কাজের কাজটা করতে পারেনি। চিমা-মানজোরো জুটির দিকেই গোলের জন্য তাকিয়ে ছিল খালিদ জামিলের দল। কিন্তু বাগানের রক্ষণভাগের ফুটবলাররা কিংবা গোলকিপার কয়েকটি প্রয়াস রুখে দেন। বিরতিতে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে ছিল ১-০ গোলে।
বিরতির পর খেলা শুরু হতেই গোল শোধের ভালো সুযোগ নষ্ট করে জামশেদপুর। প্রথমার্ধের মতোই ইমরান আক্রমণ তুলে এনেছিলেন। তবে তাঁর পাসটি খুব ভালো না হলেও বাগানের রক্ষণভাগের ফুটবলাররা বল ক্লিয়ার করতে পারেননি। রিকি বল পেয়ে শট নেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়।
৬৪ মিনিটে মোহনবাগান সুপার জায়ান্টের জেসন কামিংসের শট ক্রসবারে গিয়ে লাগে, ফিরতি বলে মনবীর শট নিলেও গোল আসেনি। যদিও বাগানের দ্বিতীয় গোলটি করেন কামিংস। কাউকোর থেকে মনবীর বল পান, তিনি থ্রু বল বাড়ান কামিংসকে লক্ষ্য করে। গোলকিপার রেহনেশ আপ্রাণ চেষ্টা চালিয়েও কামিংসের গোল আটকাতে পারেননি।
৬৮ মিনিটে দ্বিতীয় গোলটির পরও মনবীর, পেত্রাতসরা ব্যবধান আরও বাড়ানোর লক্ষ্য থেকে সরেননি। ৮০ মিনিটে সাদিকু বাগানের হয়ে তৃতীয় গোলটি কপেন। এ ক্ষেত্রেও রয়েছে মনবীরের অবদান। মনবীর আজ দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেলেন। দলের পারফরম্যান্সে খুশি হাবাসও।
এই জয়ের সৌজন্যে মোহনবাগান সুপার জায়ান্ট উঠে এলো দ্বিতীয় স্থানে। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ওডিশা এফসি। হাবাসের দল ওডিশার চেয়ে এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট ঘরে তুলে নিয়েছে। ফলে শীর্ষস্থান দখলের ক্ষেত্রে বাগান ফেভারিট। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট মুম্বই সিটি এফসির।
আজকের ম্যাচ হারায় ষষ্ঠ স্থানে থাকা জামশেদপুর ১৮ ম্যাচ খেলে দাঁড়িয়ে রইল ২০ পয়েন্টে। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্স রয়েছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে। ইস্টবেঙ্গল আছে আটে, ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে। সাতে আছে নর্থইস্ট ইউনাইটেড এফসি, ১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে।
সোমবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে নর্থইস্টের। তারা যদি এবারের আইএসএলের দুর্বলতম দলের কাছে আটকে যায় এবং বুধবার ইস্টবেঙ্গল গোয়াকে হারাতে পারে তাহলে ছয়ে উঠে আসার সুযোগ থাকবে লাল হলুদের কাছে। ফলে মোহনবাগান সুপার জায়ান্টের জয় লাইফলাইন দিল চিরপ্রতিদ্বন্দ্বীকে।












Click it and Unblock the Notifications