আইএসএলে দুরন্ত জয় ছিনিয়ে নিল ওডিশা এফসি, প্রথমার্ধে এগিয়ে থেকেও পরাস্ত কেরালা ব্লাস্টার্স
চলতি আইএসএলে দীপাবলির আগে ঘরের মাঠে প্রথম জয়টি ছিনিয়ে নিল ওডিশা এফসি। আজ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রথমার্ধে তারা ০-১ গোলে পিছিয়ে পড়েছিল। যদিও কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এই ম্যাচে দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল উপহার দিয়ে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল ওডিশা এফসি।

(ছবি- এফএসডিএল)
হরমনজ্যোৎ খাবড়া ৩৫ মিনিটে গোল করে এগিয়ে দিয়েছিলেন কেরালা ব্লাস্টার্স এফসিকে। ৫৪ মিনিটে জেরি মাউইমিংথঙ্গার গোলের সুবাদে সমতা ফেরাতে সক্ষম হয় ওডিশা এফসি। এরপর পরিবর্ত হিসেবে মাঠে নামা পেড্রো মার্টিন জয়সূচক গোলটি করেন ম্যাচের ৮৬ মিনিটে। মুম্বই সিটি এফসি-র কাছে পরাস্ত হওয়ার পর এদিনের প্রথম একাদশে একটিই পরিবর্তন এনেছিল ওডিশা এফসি। রেনিয়ার ফার্নান্ডেজের জায়গায় মাঝমাঠে শুরু থেকে খেলেন থৈবা সিং। ৪-৩-৩ ছকে খেলতে থাকে ওডিশা এফসি। এটিকে মোহনবাগানের কাছে গোলের মালা পরে পরাস্ত হলেও এদিন কেরালা ব্লাস্টার্সের স্টার্টিং লাইন-আপে কোনও পরিবর্তন করা হয়নি।
এদিনের ম্যাচে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। তবে যোগ্য দল হিসেবেই এদিন ম্যাচ জিতল ওডিশা এফসি। প্রথমার্ধে পিছিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে ওডিশার ফুটবলাররা অনেক সপ্রতিভ ছিলেন। সমতা ফেরানোর পর আক্রমণেও ঝাঁঝ বাড়ে। এরই মধ্যে কেরালা ব্লাস্টার্সের খেলাতেও গোল পাওয়ার তাগিদ লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু কাজের কাজটা হয়নি। দিমিত্রস দিয়ামানতাকোস একটি ভালো সুযোগ নষ্ট করেন, সরাসরি গোলকিপারের হাতে বল জমা দিয়ে বসেন। এরপর বেশ কিছুটা সময় খেলা সীমাবদ্ধ ছিল মাঝমাঠেই। এই সময়টায় কেউই কোনও সুযোগ তৈরি করতে পারেনি। যদিও ওডিশাকে দীপাবলির আগে স্বস্তির জয় এনে দেয় মার্টিনের গোল।
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে ওডিশা এফসি। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার চেয়ে গোলপার্থক্যে পিছিয়ে তারা। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে কেরালা ব্লাস্টার্স এফসি চলে গেল নবম স্থানে। বৃহস্পতিবার আইএসএলের পরবর্তী ম্যাচ। সেদিন ওডিশা এফসি ঘরের মাঠে খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। কেরালা ব্লাস্টার্স নিজেদের মাঠে শুক্রবার খেলবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications