এটিকে মোহনবাগান আইএসএলের প্লে-অফে, পিছিয়ে পড়েও কেরালাকে হারাল ম্যাকহিউয়ের জোড়া গোলে
আইএসএলে নিজেদের ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্স এফসিকে ২-১ গোলে হারাল এটিকে মোহনবাগান। পিছিয়ে পড়ার পর জয় এলো কার্ল ম্যাকহিউয়ের জোড়া গোলে। পয়েন্ট তালিকার তিনে উঠে এলো এটিকে মোহনবাগান।
আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি খেলতে নামার আগে প্লে-অফ নিশ্চিত করে ফেলল এটিকে মোহনবাগান। আজ সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পিছিয়ে পড়েও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল হুয়ান ফেরান্দোর দল। সৌজন্যে কার্ল ম্যাকহিউয়ের জোড়া গোল। পয়েন্ট তালিকার তিনে উঠে এল বাগান শিবির।

প্লে-অফে এটিকে মোহনবাগান
চলতি আইএসএলে প্রথম সাক্ষাতে কেরালা ব্লাস্টার্স এফসিকে ৫-২ গোলে হারিয়েছিল এটিকে মোহনবাগান। আজ ফিরতি সাক্ষাতের আগে দুই দলই নিজেদের আগের ম্যাচে পরাস্ত হয়েছিল। এদিনের ম্যাচে এটিকে মোহনবাগান নেমেছিল আরও শক্তিশালী হয়েই। জয়ও এলো। ফেরান্দো এই ম্যাচের আগে বলেছিলেন, শুধু বাকি দুটি ম্যাচে জিততেই চাইছেন না, তিন নম্বরে থাকাই লক্ষ্য। গ্লেন মার্টিন্স, কার্ল ম্যাকহিউ, হুগো বুমৌসরা চোট সারিয়ে ফিরে এসেছেন। কার্ড সমস্যা কাটিয়ে ফিরেছেন আশিক কুরুনিয়ান। প্রথম থেকেই এদিনের ম্যাচ ছিল জমজমাট।

প্রথম গোল কেরালা ব্লাস্টার্স এফসির
১৬ মিনিটের মাথায় দিমিত্রস ডায়মান্টাকোসের গোলে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। যদিও ২৩ মিনিটে কার্ল ম্যাকহিউয়ের গোলে সমতা ফেরায় এটিকে মোহনবাগান। দিমিত্রি পেত্রাতসের সেট পিস থেকে গোলটি করেন তিনি। এরপর অবশ্য প্রথমার্ধে কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। তারই মধ্যে দুই দলের কয়েকজন ফুটবলার হলুদ কার্ড দেখেন।
|
বাগানের জয় ২-১ গোলে
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর দুই দলই গোল পেতে মরিয়া হয়ে ওঠে। এরই মধ্যে ৬৪ মিনিটে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ডটি দেখে মাঠ ছাড়েন রাহুল কানোলি প্রবীণ। ৭১ মিনিটে ম্যাকহিউয়ের জয়সূচক গোল। আশিস রাই বল বাড়িয়েছিলেন বক্সে, মনবীর সিং তা সাজিয়ে দেন ম্যাকহিউয়ের জন্য।
|
তিনে এটিকে মোহনবাগান
এই জয়ের সুবাদে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এলো এটিকে মোহনবাগান। তিন থেকে পাঁচ নম্বর অবধি সব দলেরই ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট করে রয়েছে। গোলপার্থক্যে চারে রয়েছে বেঙ্গালুরু এফসি, পাঁচে নেমে গেল কেরালা ব্লাস্টার্স এফসি। এদিন আগের ম্যাচে হায়দরাবাদ এফসিকে ৩-২ গোলে হারিয়েছে জামশেদপুর এফসি। আগামী শনিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নামার আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াল সবুজ মেরুনের। কাল মুম্বই ফুটবল অ্যারেনায় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের পরই লিগ শিল্ড পেয়ে যাবে মুম্বই সিটি এফসি।
(ছবি- এফএসডিএল)












Click it and Unblock the Notifications