আইএসএলে বেঙ্গালুরু-বাগান পারস্পরিক দ্বৈরথে এগিয়ে কারা? সোনার বুট জিততে দিমিত্রিকে কী করতে হবে?
আইএসএলের ফাইনালে কাল ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামছে টানা পাঁচ ম্যাচে অপরাজেয় এটিকে মোহনবাগান। বেঙ্গালুরু এফসি সেমিফাইনালে প্রথম সাক্ষাতে লিগ শিল্ডজয়ী মুম্বই সিটি এফসিকে হারালেও দ্বিতীয় লেগে পরাস্ত হয়। অবশেষে পেনাল্টি শ্যুটআউটে জিতে ফাইনালে পৌঁছেছেন সুনীল ছেত্রীরা।

আইএসএলে পারস্পরিক দ্বৈরথের নিরিখে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এগিয়ে এটিকে মোহনবাগান। মোহনবাগানের সঙ্গে এটিকে যুক্ত হয়ে এটিকে মোহনবাগান হওয়ার পর তিনটি মরশুমে ৬টি সাক্ষাতে চারবার জিতেছে সবুজ মেরুন, বেঙ্গালুর জয় ১টিতে, ড্র হয় একটি ম্যাচ। এবারের আইএসএলে বেঙ্গালুরুতে গিয়ে দিমিত্রি পেত্রাতোসের গোলে জয় পায় এটিকে মোহনবাগান। যদিও গত মাসে ফিরতি সাক্ষাতে ঘরের মাঠে বেঙ্গালুরুর কাছে ১-২ গোলে পরাস্ত হয়েছিল সবুজ মেরুন।
গত মরশুমে এই দুই ক্লাবের প্রথম দ্বৈরথটি ৩-৩ গোলে শেষ হয়েছিল। প্রথমার্ধে ২৫ মিনিটের মধ্যে এবং দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটের মধ্যে গোলগুলি হয়। পাঁচটিই সেট-পিস থেকে। দ্বিতীয় লেগে মনবীর সিং ও লিস্টন কোলাসোর গোলে জয়লাভ করে সবুজ মেরুন। ২০২০-২১ মরশুমে দুবারই বেঙ্গালুরু-বধ সেরেছিল বাগান। প্রথম দ্বৈরথে গোল করেছিলেন ডেভিড উইলিয়ামস। ফিরতি সাক্ষাতে রয় কৃষ্ণ ও মার্সেলো পেরেরা। ফাইনালের আগে আশিক কুরুনিয়ান সুস্থ হওয়ায় স্বস্তি ফিরেছে এটিকে মোহনবাগান শিবিরে।
আগের পাঁচটি ম্যাচেই সুনীল ছেত্রীকে পরিবর্ত হিসেবে মাঠে নামিয়েছেন বেঙ্গালুরু এফসি কোচ সাইমন গ্রেসন। তার মধ্যে তিনবার গোল করেছেন সুনীল। মনে করা হচ্ছে, বেঙ্গালুরু প্রথম এগারোয় পরিবর্তন না এনে শুরুর দিকে সুনীলকে বেঞ্চেই রাখবে। রয় কৃষ্ণ ও শিবশক্তি নারায়ণনই শুরু করবেন। গ্রেসন বলেন, সুনীলের মতো প্লেয়ারকে প্রথমে না নামানো কঠিন। কিন্তু যেটা করতে হচ্ছে তা দলের স্বার্থেই। এটিকে মোহনবাগানের রক্ষণভাগকে সমীহ করলেও গোলমুখ খুলতে অসুবিধা হবে না বলেই দাবি গ্রেসনের।
এদিকে সোনার বুটের দৌড়ে এখনও এগিয়ে ওডিশা এফসির দিয়েগো মরিসিও। তিনি ২১ ম্যাচে ১২টি গোল করেছেন, প্রতি ১২৮ মিনিটে একটি গোল। ইস্টবেঙ্গলের ক্লেইটন সিলভা ১২টি গোল করেছেন ২০ ম্যাচে, তবে তাঁর গোল এসেছে প্রতি ১৪৮.২ মিনিটে। সোনার বুট জিততে গেলে এটিকে মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোসকে হ্যাটট্রিক করতে হবে। এখনও অবধি সবুজ মেরুন জার্সিতে খেলা অস্ট্রেলীয় ফরওয়ার্ড ২২ ম্যাচে ১০টি গোল করেছেন। সোনার বুট কার দখলে যায় সেটাই দেখার।












Click it and Unblock the Notifications