হায়দরাবাদের বিরুদ্ধেও জয়ের দেখা পেল না এসসি ইস্টবেঙ্গল
জয় অধরাই রয়ে গেল এসসি ইস্টবেঙ্গলের। বৃহস্পতিবার হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে এগিয়ে গিয়েও এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হল লাল-হলুদ ব্রিগেড'কে। এ দিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিল ম্যানুয়েল ডিয়াজের ছেলেরা।

ম্যাচে ২০ মিনিটে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। আমির ডার্বিসেভিচের ফ্রি-কিক থেকে করা বিশ্বমানের গোলের সুবাদে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। আমিরের বাঁ পায়ের ঠিকানা লেখা শট চেষ্টা করেও বাঁচাতে পারেননি হায়দরাবাদের গোলরক্ষক কাট্টিমানি।
গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ প্রথমার্ধেই পেয়েছিল এসসি ইস্টবেঙ্গল। ২৮ মিনিটে ম্যাচের সহজতম সুযোগটি মিস করেন ড্যানিয়েল চুকবু। ম্যাচের নয় বরং মরসুমের সেরা সুযোগ বললেও কোনও অংশে ভুল হবে না। কাট্টিমানি'কে অসহায় অবস্থায় পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হন এই নাইজেরিয় স্ট্রাইকার।
ইস্টবেঙ্গল আক্রমণের ঝাঁঝ থাকলেও ডিফেন্সের ব্যর্থতায় ৩৫ মিনিটেই গোল হজম করে লেসলি ক্লডিয়াস সরণি'র ক্লাব। অনিকেত যাদবের ঠিকানা লেখা ক্রস থেকে গোল করে হায়দরাবাদ'কে সমতায় ফেরান বার্থলোমিউ ওগবেচে। এই গোলের পিছনে অনেক অংশে দায়ী রাজু গায়েকোয়াড়। তিনি লাইনে থাকলে কখনও-ই বলের ফ্লাইট মিস করতেন না। তাঁর মাথার উপর থেকেই বলটি পায় ওগবেচে। ১-১ গোলেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে ম্যাচের স্কোরলাইনে কোনও পরিবর্তন না আসলেও দুই দল জয়ে সূচক গোল পাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালিয়েছে। বিশেষ করে হায়দরাবাদ এফসি'র প্রচেষ্টা ছিল লক্ষ্যণীয়। একের পর এক আক্রমণাত্মক পরিবর্তন করে লিগ টেবলের শেষে থাকা এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট ঘরে তুলতে পারল না নিজামের শহরের দল। অপর দিকে, প্রথম জয় পাওয়ার লক্ষ্যে এ দিন চিমা'র পরিবর্তে বলবন্ত সিং-কে মাঠে নামান ইস্টবেঙ্গল কোচ। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।
হায়দরাবাদের বিরুদ্ধে ড্র করে ৮ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে সবার নীচেই থাকল ইস্টবেঙ্গল। অপর দিকে, তৃতীয় স্থান থেকে লিগের দুই নম্বরে উঠে এল হায়দরাবাদ এফসি। ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচ খেলবে নতুন বছর। ৪ জানুয়ারি এসসি ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications