আইএসএল ২০২০-২১: চার ম্যাচে নির্বাসিত এসসি ইস্টবেঙ্গল কোচ ফাওলার, সঙ্গে জরিমানা
আশঙ্কাই সত্যি হলো। গোঁদের উপর বিষফোঁড়া। চার ম্যাচ নির্বাসিত হলেন এসসি ইস্টবেঙ্গল (SCEB) কোচ রবি ফাওলার (Robbie Fowler)। সঙ্গে তাঁর ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে এআইএফএফ (AIFF)-এর শৃঙ্খলারক্ষা কমিটি।

রেফারিকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের যে অভিযোগ রবি ফাওলারের বিরুদ্ধে উঠেছে, তা এদিনই উড়িয়ে দিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। দলের হেড কোচ এমন গর্হিত কাজ করেননি বলে সাফ জানিয়ে দিয়েছিল লাল-হলুদ কর্তৃপক্ষ। গত ২৯ জানুয়ারি আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল এসসি ইস্টবেঙ্গল। সেই ম্যাচে ১০ জনের গোয়াকে হারাতে ব্যর্থ হয় লাল-হলুদ। ম্যাচ শেষে হেড কোচ রবি ফাওলার রেফারিকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। তার প্রেক্ষিতেই এদিন শাস্তি ঘোষণা করল ভারতে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার শৃঙ্খলারক্ষা কমিটি। ডিসিপ্লিনারি কোডের ৫০, ৫৮ ও ৫৯.১(এ) ধারায় ফাওলারকে শাস্তি দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, তাঁর আচরণের দিকে নজর রাখা হবে। ভবিষ্যতে ফের শৃঙ্খলাজনিত কোনও অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে ফাওলারের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করা হবে।
জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পর এফসি গোয়া বনাম এসসি ইস্টবেঙ্গলের মধ্যে ২৯ জানুয়ারির ম্যাচের ভিডিও ফুটেজ খতিয়ে দেখেছে আইএসএল কমিটি। বুধবার ম্যাচ কমিশনারের রবি ফাওলারের বক্তব্য শোনার দিন ধার্য করা হয়েছিল। তার ভিত্তিতেই লাল-হলুদ কোচের বিরুদ্ধে এই পদক্ষেপ।
এর আগে এদিনই বিকেলে সংবাদসংস্থার এই সংক্রান্ত খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছিল এসসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। বিবৃতিতে দাবি করা হয়, কোনও বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেননি ফাওলার। লিভারপুলের এই কিংবদন্তির ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টার প্রতিবাদ করে কোচের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছিল ক্লাবের তরফে। কিন্তু দিনের শেষে ফাওলারের শাস্তি এড়াতে না পারা বড় ধাক্কা। এমনিতেই এসসি ইস্টবেঙ্গলের নক আউট পর্বে পৌঁছানোর আশা কার্যত শেষ হয়ে গিয়েছে বেঙ্গালুরুর কাছে গতকালের পরাজয়ের পর। তারপর কোচের এই শাস্তি লাল হলুদের চলার পথকে যে আরও কঠিন করে দিল তা বলাই যায়।












Click it and Unblock the Notifications