মুম্বইয়ের কাছে গোলের মালা পরে এক থেকে চার নম্বরে নামল এটিকে মোহনবাগান
মুম্বইয়ের বিরুদ্ধে হারের বদলা নেওয়ার ম্যাচে উল্টে গোলের মালা পরল এটিকে মোহনবাগান। মুম্বই সিটির কাছে হারতে হল ১-৫ ব্যবধানে। আর এই একটি হারের ফলেই আইএসএলের লিগ টেবলে এক নম্বর থেকে সোজা চার নম্বরে নেমে গেল এটিকে মোহনবাগান। মুম্বই সিটি আর মোহনবাগানের পয়েন্ট সমান (৬ পয়েন্ট) থাকলেও দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে আজকের হার। ফলে মুম্বই এক নম্বরে, ওড়িশা দ্বিতীয় স্থানে, চেন্নাইয়িন এফসি তৃতীয় ও এটিকে মোহনবাগান চার নম্বরে রয়েছে। সবকটি দলই ৬ পয়েন্ট করে পেয়েছে।

এদিন প্রথমার্ধে তিন গোল খাওয়ার পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল কার্ড দেখে দশজনের হয়ে যায় এটিকে মোহনবাগান। বিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে লাল কার্ড দেখেন দীপক টাংরি। তারপরে দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল খায় এটিকে মোহনবাগান।
ম্যাচের ৬০ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে একমাত্র গোল করেন ডেভিড উইলিয়ামস। তার আগে মুম্বইয়ের হয়ে প্রথমার্ধে ৪ ও ২৫ মিনিটে জোড়া গোল করেন বিক্রম প্রতাপ সিং। ৩৮ মিনিটে গোল করেন ইগোর আঙ্গুলো। তারপরে দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে মউরতাদা ফল ও ৫২ মিনিটে বিপিন সিং মুম্বইয়ের হয়ে গোল করে যান।
ম্যাচের শুরু থেকেই এটিকে মোহনবাগানের রক্ষণ ও মাঝমাঠে আক্রমণ চালিয়ে যায় মুম্বই। যার ফলে এটিকে মোহনবাগান এক মুহূর্তের জন্যও খেলা ধরতে পারেনি। মাঝে লাল কার্ড দেখা মোহনবাগানের কফিনে শেষ পেরেক পুঁতে দেয় এই ম্যাচে। এখন দেখার কীভাবে পরের ম্যাচে দলকে চাঙ্গা করে মাঠে নামান কোচ হাবাস।












Click it and Unblock the Notifications