কেন বারবার আটকে যাচ্ছে এসসি ইস্টবেঙ্গল! সমস্যাটা ঠিক কোথায় এবং কেন?
টিম কম্বিনেশন থেকে খেলোয়াড় নির্বাচন! ঠিক কোথায় কোথায় পরিবর্তন প্রয়োজন এসসি ইস্টবেঙ্গলে
৯৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও আইএসএলে নিজেদের প্রথম জয় পেতে ব্যর্থ হয়েছে এসসি ইস্টবেঙ্গল। কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অমীমাংসিত ১-১ ফল নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রবি ফাওলারের ছেলেদের। তবে গত পাঁচ ম্যাচের থেকে কেরালার বিরুদ্ধে লাল-হলুদকে কিছুটা হলেও সাবলীল দেখিয়েছে, তা মেনে নিচ্ছেন না সমর্থকরা। পাশাপাশি এখনও যে যে ভুলের জন্য অ্যান্টনি পিলকিংটন শিবিরকে ভুগতে হচ্ছে, সেদিকে চোখ ফেরানো যাক।

আক্রমণভাগ
অ্যান্টনি পিলকিংটন, জ্যাকুয়াস মাঘোমা, মাট্টি স্টেইনম্যান এসসি ইস্টবেঙ্গলের জার্সিতে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। তবে বয়স বড় বালাই! ফলে গোলের কাছে গিয়েও কখনও সখনও খেই হারিয়ে ফেলছেন ত্রয়ী। ক্লান্ত হয়ে পড়ছেন। কোথাও তাঁদের মধ্যে বোঝাপড়ার অভাবও চোখে পড়ছে। এমতাবস্থায় কোনও তরুণ এবং ইতিবাচক স্ট্রাইকারকে পাশে পেলে পিলকিংটন, মাঘোমা ও স্টেইনম্যানের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে।

সুযোগ কাজে না লাগানো
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে দুটি সহজ সুযোগ পেয়ে গিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। সুবিধাজনক জায়গায় থেকেও গোল করতে ব্যর্থ হন মহম্মদ রফিক ও জ্যাকুয়াস মাঘোমা। এমন সুযোগের অপব্যবহার চলতি আইএসএলে এর আগেও করতে দেখা গিয়েছে রবি ফাওলারের দলকে।

মাঝমাঠে আরও শক্তি প্রয়োজন
রবিবারের ম্যাচে ৬৪ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে কেরালা ব্লাস্টার্স। নিজেদের মধ্যে ৪৬০টি পাস খেলে কিবু ভিকুনার দল। অন্যদিকে ৩৬ শতাংশ বলের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হওয়া এসসি ইস্টবেঙ্গল মাত্র ২৬৯টি পাস খেলেছে। মাঝমাঠে ধরে খেলার মতো ফুটবলার না থাকায় এমনটা হচ্ছে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। মাট্টি স্টেইনম্যান খেলা তৈরি করছেন ঠিকই। তবে তাঁর পাশে হোল্ডিং পজিশনে অবিলম্বে কাউকে প্রয়োজন।

রক্ষণভাগ
চোট সারিয়ে অধিনায়ক ড্যানি ফক্স প্রথম একাদশে ফেরায় এসসি ইস্টবেঙ্গলের রক্ষণভাগ শক্তপোক্ত হয়েছে বলা চলে। যদি তাতে খামতিগুলি পুরোপুরি চাপা দেওয়া যাচ্ছে না। লাল-হলুদের ডি বক্সের মধ্যে অনেকটা অরক্ষিত অঞ্চল পেয়ে যাচ্ছেন প্রতিপক্ষ দল। ম্যান মার্কিং যে কতটা ঢিলেঢালা, তা কেরালা ব্লাস্টার্সের ৯৫ মিনিটের গোলে আবারও প্রমাণ হয়েছে।

সঠিক কম্বিনেশন
ছয় ম্যাচ হয়ে যাওয়ার পরেও দলের সঠিক কম্বিনেশন তৈরি করতে পারলেন না এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মহম্মদ এরশাদের পরিবর্তে বিকাশ জাইরুকে নামিয়ে ফল পাওয়া গিয়েছে। মাঝমাঠে সুরচন্দ্র সিংয়ের স্ন্যাচিং ও উইং ধরে তোম্বা সিংয়ের দৌড় ফুটবল প্রেমীদের মনে ধরেছে। ফাওলার পরের ম্যাচে এই দলই ধরে রাখেন, নাকি ফের পরিবর্তন করবেন, তা সময় বলবে।












Click it and Unblock the Notifications