আইএসএল ২০২০-২১ : সুরচন্দ্রের আত্মঘাতী গোল ও নড়বড়ে ডিফেন্সে হারের হ্যাটট্রিক এসসি ইস্টবেঙ্গলের
আইএসএল ২০২০-২১ : সুরচন্দ্রের আত্মঘাতী গোলে হারের হ্যাটট্রিক এসসি ইস্টবেঙ্গলের
সুরচন্দ্র সিংয়ের আত্মঘাতী গোল ও নড়বড়ে ডিফেন্সে আইএসএলে হারের হ্যাটট্রিক করল এসসি ইস্টবেঙ্গল। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ২-০ গোলে ম্যাচ হারল রবি ফাওলারের দল। বারবার আক্রমণে উঠেও গোলের মুখে খেই হারিয়ে ফেলার মাশুল গুনতে হল লাল-হলুদকে। এই হারের ফলে তিন ম্যাচ শূন্য পয়েন্ট নিয়ে লিগ তালিকার সর্বশেষ অর্থাৎ ১১তম স্থানে দাঁড়িয়ে থাকল এসসি ইস্টবেঙ্গল। চার ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল নর্থইস্ট ইউনাইটেড।

টুর্নামেন্টে নিজেদের প্রথম দুটি ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল এসসি ইস্টবঙ্গলের। তাই নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম থেকেই গোলের জন্য ঝাঁপান সাদা জার্সি পরিহিত লাল-হলুদের ফুটবলাররা। প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের কাছেও পৌঁছে যান রবি ফাওলারের ছেলেরা। সেই সময় বক্সে বিপজ্জনকভাবে ঢুকে পড়া এসসি ইস্টবেঙ্গলের স্ট্রাইকার মাঘোমাকে উইদাউট বল ফেলে দেন নর্থইস্টের ডিফন্ডার। রেফারি তখন পেনাল্টি দিলে এগিয়ে যেতে পারত লাল-হলুদ।
যদিও খেলার গতির বিরুদ্ধে গিয়ে পরিকল্পিত আক্রমণে ম্যাচের প্রথম গোল পায় জন আব্রাহামের দলই। চাপে পড়ে ডি বক্সে ভুল করে ফেলেন এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্ডার সুরচন্দ্র সিং। তাঁর আত্মঘাতী গোলে কাঙ্খিত লক্ষ্যের দিকে এক কদম এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। সেই সঙ্গে লাল-হলুদের ডিফেন্সের খামতিগুলি স্পষ্ট হয়ে ওঠে। ১-০ গোলের ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ কর উত্তর-পূর্বের দল।
দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে লাল-হলুদ। ভয়ঙ্কর হয়ে ওঠা মাঘোমা এবং পিলকিংটনকে বোতলবন্দি করে ফেলেন নর্থইস্টের ডিফেন্ডাররা। ফলে তাঁদের নড়াচাড়াও বন্ধ হয়ে যায়। সেই সুযোগে বারবার আক্রমণে উঠে এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের সমস্যা বাড়িয়ে দেয় নর্থইস্ট। খেলার একদম অন্তিম মুহুর্তে ফের আক্রমণে ঝাঁঝ বাড়ায় লাল-হলুদ। কিন্তু ফের খেলার গতির বিপরীতে গিয়ে গোল করে নর্থইস্ট ইউনাইটেডের জয় নিশ্চিত করেন রোচারজেলা। আরও একবার লাল-হলুদ ডিফেন্সের কঙ্কালসার চেহরা বেরিয়ে পড়ে।












Click it and Unblock the Notifications