আইএসএল ২০২০-২১ : হাড্ডাহাড্ডি ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে তিনে উঠল জামশেদপুর, স্কোর ১-০
আইএসএল ২০২০-২১ : হাড্ডাহাড্ডি ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে তিনে উঠল জামশেদপুর
আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে দিল জামশেদপুর এফসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচ ১-০ ফলে শেষ হয়েছে। পরপর দুই ম্যাচ হেরে আইএসএল তালিকার চতুর্থ স্থানে নেমে গেল বেঙ্গালুরু। ৮ ম্যাচ খেলে সুনীল ছেত্রীদের পয়েন্ট ১২। অন্যদিকে এই জয়ের ফলে ৯ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে এলে জামশেদপুর।

এদিন প্রথম থেকে ম্যাচে আক্রমণ শানায় বেঙ্গালুরু এফসি। জামশেদপুর এফসি-র গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন সুনীল ছেত্রীরা। অন্যদিকে শুরু থেকেই ম্যাচে প্রতি-আক্রমণ নির্ভর রণনীতি নিয়ে খেলতে থাকে জামশেদপুর। বেশ কয়েক বার গোলের কাছে পৌঁছেও স্কোর করতে পারেনি কোনও দল। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
তবে দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় জামশেদপুর এফসি। প্রতি-আক্রমণে উঠে বেশ কয়েকবার গোলের দরজা খুলে ফেলে বেঙ্গালুরু এফসিও। হাড্ডাহাড্ডি লড়াইয়ে টানটান হয়ে ওঠে ম্যাচ। ৭৯ মিনিটে ডি-বক্সে সাজানো বল পেয়ে যান জামশেদপুরের ডিফেন্ডার স্টিফেন এজে। শূন্য দেহ ভাসিয়ে হেড থেকে গোল করতে তিনি ভুল করেননি। হাতে লাগিয়েও বল বিপন্মুক্ত করতে পারেননি বেঙ্গালুরুর গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু।
এক গোলে পিছিয়ে গিয়ে আক্রমণে চাপ বাড়ায় বেঙ্গালুরু এফসি। তবে জামশেদপুর এফসি-র আঁটোসাঁটো রক্ষণভাগকে হারাতে পারেননি সুনীল ছেত্রীরা। ফলে এটিকে মোহনবাগানের পর জামশেদপুরের বিরুদ্ধেও শূন্য হাতেই মাঠ ছাড়তে হয় বেঙ্গালুরু এফসি-কে। ম্যাচে নিজেদের মধ্যে ৩৫৩টি পাস খেলেন সুনীল ছেত্রীরা। ২৫৭টি পাস খেলে জামশেদপুর এফসি।
আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ৫৭ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখে বেঙ্গালুরু এফসি। ৪৩ শতাংশ বলের দখল জামশেদপুর এফসি-র কাছে থাকে। গোলমুখে ১২টি শট মারে বেঙ্গালুরু। ১১টি শট আসে জামশেদপুর এফসি-র ফুটবলারদের পা থেকে।












Click it and Unblock the Notifications