আইএসএল ফাইনালে এগিয়েও আত্মঘাতী গোল খেয়ে মুম্বইয়ের বিরুদ্ধে সমান টক্করে এটিকে মোহনবাগান
আইএসএল ফাইনালে এগিয়েও আত্মঘাতী গোল খেয়ে মুম্বইয়ের বিরুদ্ধে সমান টক্করে এটিকে মোহনবাগান
ডেভিড উইলিয়ামসের গোলে এগিয়েও ব্যবধানে ধরে রাখতে পারল না এটিকে মোহনবাগান। আইএসএল ফাইনালে ডিফেন্ডার তিরি ও গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের ভুলে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আত্মঘাতী গোল খেল আন্টোনিও লোপেজ হাবাসের দল। ফলে প্রথমার্ধের শেষে হাই-ভোল্টেজ ম্যাচের ফলাফল ১-১।

ফাইনালের আগে চলতি আইএসএলের লিগ পর্বে দুই বার মুখোমুখি হয়েছে দুই দল। দুই ক্ষেত্রেই দাপুটে জয় হাসিল করেছিল মুম্বই সিটি এফসি। ফলে এটিকে মোহনবাগানের কাছে আজকের ম্যাচ একদিকে যেমন বদলার, তেমনই আবির্ভাবেই খেতাব জয়ের হাতছানি তাদের কাছে। অন্যদিকে প্রথমবার আইএসএল ফাইনালে ওঠা মুম্বই সিটি এফসিও ইতিহাসে নাম লেখাতে মরিয়া।
সেই আবহে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। ৪-২-৩-১ ছকে দল সাজিয়ে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে মুম্বই সিটি এফসি। যদিও পরিচিত সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামা এটিকে মোহনবাগান ৩-৫-২ ছকে দল সাজিয়ে শুরু থেকেই একের পর এক সুযোগ তৈরি করতে থাকে। ম্যাচের দশ মিনিটে সবুজ-মেরুনের জাভি হার্নান্ডেজের ফ্রি কিক বার লেগে বাইরে চলে যায়। ১২ মিনিটে রয় কৃষ্ণের শট কোনওমতে বাঁচিয়ে দেন মুম্বইয়ের গোলরক্ষক অমরিন্দর সিং।
রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসকে সামনে রেখে এটিকে মোহনবাগানের প্রেসিং ফুটবল সামাল দিতে নাজেহাল হয়ে যান মুম্বই সিটি এফসি-র ডিফেন্ডাররা। চাপে পড়ে একের পর এক ভুলও করতে থাকেন মউরতোদা ফল, হেরনান সান্টানারা। মুম্বই ডি বক্সের বাইরে মিস পাসের বহর চলতে থাকে। তেমনই এক মিস পাস থেকে দুর্দান্ত সুযোগ তৈরি করে ফেলেন এটিকে মোহনবাগানের ফরোয়ার্ড রয় কৃষ্ণ। মুম্বইয়ের ডি বক্সের মধ্যে সতীর্থ ডেভিড উইলিয়ামসকে বল সাজিয়ে দেন ফিজির অধিনায়ক। অনেকটা অরক্ষিত অঞ্চল পেয়ে ১৮ মিনিটে জোরালো শটে অমরিন্দর সিংকে পরাস্ত করেন এটিকে মোহনবাগানের অস্ট্রেলিয় স্ট্রাইকার।
এক গোলে পিছিয়ে পড়ে আক্রমণে ঝাঁঝ বাড়ায় মুম্বই সিটি এফসি। দুর্দান্ত বোঝাপড়াকে হাতিয়ার করে এটিকে মোহনবাগানের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন অ্যাডাম লে ফনড্রে, বিপিন সিংরা। তাতে চাপে পড়ে যায় সবুজ-মেরুন। ম্যাচের ২৯ মিনিটে ফাঁকায় থাকা বিপিনকে লক্ষ করে উঁচু করে বল ভাসান আহমেদ জাহৌ। ক্লিয়ার করতে গেলে এটিকে মোহনবাগানের ডিফেন্ডার তিরির মাথায় লেগে তাঁদেরই বক্সের দিকে বল এগোতে থাকে। অনেকটা এগিয়ে থাকা গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য সেই বলের নাগাল পাননি। সবুজ-মেরুনের আত্মঘাতী গোলে ম্যাচে সমতা ফেরে।
এরপর ম্যাচের রাশ চলে যায় মুম্বই সিটি এফসি-র পায়ে। অন্যদিকে কেবল রয় কৃষ্ণকে সামনে রেখে ডিফেন্সে নেমে আসেন এটিকে মোহনবাগানের বাকি ৯ ফুটবলার। হুগো বউমোসের একটি শট দুর্দান্ত দক্ষতায় বাঁচান সবুজ-মেরুন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। ম্যাচের একদম শেষ মুহুর্তে এটিকে মোহনবাগান ডিফেন্ডার শুভাশিস বোসের সঙ্গে সংঘর্ষে মাথায় গুরুতর চোট পেয়ে কনকাশানে চলে যান মুম্বই সিটি এফসির রাইট ব্যাক আমেয় রানাওয়াড়ে। তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্সে তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। এর জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে খেলা।












Click it and Unblock the Notifications