আইএসএল অভিযান শেষ হায়দরাবাদের, শেষ চারে গোয়া
আইএসএলের শেষ চারে পৌঁছে গেল এফসি গোয়া। এবারের আইএসএল অভিযান শেষ হয়ে গেল হায়দরাবাদ সিটি এফসি-র। তিনে থাকা নর্থ ইস্ট ইউনাইটেডের পরেই রইল গোয়া। সেমিফাইনালে কে কবে কার মুখোমুখি হবে তা ঠিক হয়ে যাবে আজ কয়েক ঘণ্টার মধ্যেই। এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি ম্যাচের ফলাফলই তা ঠিক করে দেবে। ড্র করলে শীর্ষে থেকেই গ্রুপ পর্যায় শেয করবে এটিকে মোহনবাগান। লিগ শিল্ডের সঙ্গে আন্তোনিয়ো লোপেজ হাবাসের দল এফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে খেলার টিকিটও হাতে পেয়ে যাবে।

ম্যাচে আধিপত্য ছিল গোয়ারই দখলে। ফলে দ্বিতীয়ার্ধের খেলা যত এগোতে থাকে ততই হতাশা ধরে পড়তে থাকে হায়দরাবাদের ফুটবলারদের মধ্যে। মরিয়া চেষ্টা চালিয়েও শেষরক্ষা হয়নি হায়দরাবাদের। ৮৩ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন আলবার্তো নগুয়েরা। ৮৬ মিনিটে তাঁকে গোয়া কোচ তুলে নিলেও শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ থেকে তাঁকে বেরিয়ে যেতে হয়। তাঁকে সেমিফাইনালে পাবে না গোয়া। মাঠের ধারে বসে অভব্য আচরণের জন্য লাল কার্ড দেখেন হায়দরাবাদের লুই সাত্রে।
ম্যাচের শেষ লগ্নে ইনজুরি টাইমে হায়দরাবাদের সেরা সুযোগ প্রতিহত করেন গঞ্জালেজ। গোলকিপার ধীরাজ সিং বল ফস্কালে গোলমুখী হায়দরাবাদ ফুটবলারের সামনে ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে ক্লিয়ার করেন তিনি। এইভাবে দলকে তিনি বাঁচানোর পর শেষ মুহূর্তে আত্মঘাতী গোল অবিশ্বাস্য দক্ষতায় বাঁচান ধীরাজ সিং। ইনজুরি টাইমে তাই দুটি গোলের কাছে পৌঁছেও কাজের কাজ করতে পারেনি হায়দরাবাদ। খেলা শেষ হয় গোলশূন্যভাবেই। এই ড্রয়ের ফলে সেমিফাইনালে জায়গা করে নিল এফসি গোয়া। ২০ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াল ৩১। হায়দরাবাদের চেয়ে দুই পয়েন্ট বেশি।












Click it and Unblock the Notifications