সোমবার মহমেডানে পাঠান, লাল সরণির ক্লাবে বসেই দেখবেন প্রিয় দলের ম্যাচ
সোমবার মহমেডানে পাঠান, লাল সরণির ক্লাবে বসেই দেখবেন প্রিয় দলের ম্যাচ
সোমবার শহরে পা রাখছেন ইরফান পাঠান। প্রিয় ক্লাব মহমেডান স্পোর্টিং-এ আসছেন তিনি। এই দিনই কেঁকড়ে এফসি'র বিরুদ্ধে মুখোমুখি হবে সাদা-কালো ব্রিগেড। ক্লাবের মাঠে মেম্বার্স গ্যালারিতে বসে জায়েন্ট স্ক্রিনে সেই খেলা উপভোগ করবেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার।

কিছু দিন আগেই ইরফানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে মহমেডান স্পোর্টিং, তার পর থেকেই কলকাতায় আসার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু করোনা ভাইরাসের প্রভাব সহ একাধিক কারণে তিলোত্তমায় আসা হয়ে উঠছিল না পাঠানের। অবশেষে সোমবার বিকেলে কলকাতা পা রাখছেন দেশের জার্সিতে শতাধিক ম্যাচ খেলা এই ক্রিকেটার।
ইরফানের স্টেডিয়ামে বসে খেলা দেখার কথা থাকলেও বিশেষ কিছু কারণে তা সম্ভব হয়ে ওঠেনি এবং সেই কারণেই ক্লাব মাঠে উপস্থিত থেকে দলের খেলার সাক্ষী থাকবেন। বিমানবন্দর থেকে সরাসরি লাল সরণির ক্লাব আসবেন জুনিয়র পাঠান। সেখানে ম্যাচের আগে একটি সাংবাদিক সম্মেলন করবেন তিনি।
ইরফানের সঙ্গে ক্লাব কর্তা এবং সাংবাদিকরা এক সঙ্গে বসে খেলা দেখবেন। সদস্য-সমর্থকদের ভারতীয় ফুটবলের অন্যতম তারকার সঙ্গে বসে খেলা দেখার ব্যবস্থাও করেছেন ক্লাব কর্তারা। মহমেডানের অ্যাম্বাসেডর হিসেবে ক্লাবে এলেও, এই প্রতিষ্ঠানের সঙ্গে ইরফানের সম্পর্ক জড়িয়ে ছোট থেকে।
ক্রিকেটার হিসেবে এই ক্লাবে তিনি খেলেন ঠিকই কিন্তু ইরফান পাঠান ছোট থেকেই ফুটবল অন্তঃপ্রাণ ছিলেন, ভারতীয় ফুটবলে তিনি সব সময়ে সমর্থন করে এসেছেন মহমেডান স্পোর্টিংকে। সারা দেশ এবং গোটা বিশ্বে ছড়িয়ে থাকা কোটি কোটি মহমেডান সমর্থকের মতোই ইরফান একজন। এখনও সময় হলে মাঝে মধ্যে মহমেডানের খেলায় চোখ রাখেন পাঠান।
দীর্ঘ চার দশকের খরা কাটিয়ে এ বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। ডুরান্ড কাপে রানার্স হয়ে সাদা-কালো ব্রিগডে। আই লিগেও শীর্ষ স্থান ধরে রেখেছে সাদা-কালো শিবির। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট শীর্ষ রয়েছে ব্ল্যাক প্যান্থার্স। তবে, শেষ ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে হারতে হয়েছে মহমেডানকে। ২-১ গোলে হেরতে হয়েছে লাল সরণির ক্লাবটিকে।
কেঁকড়ে এফসি'র বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরতে সমস্যা হওয়ার কথা নয় মহমেডানের। নতুন এই দল এখনও একটি ম্যাচেও জয় পায়নি। ৪ ম্যাচে তিনটিতে হেরেছে তারা। একটি ম্যাচে ড্র করেছে। লিগ তালিকার শেষে থাকা এই দলের বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট তুলে আনার ক্ষেত্রে আত্মবিশ্বাসী সাদা-কালো টিম ম্যানেজমেন্ট।












Click it and Unblock the Notifications