৩ বছর পর দেশের জার্সিতে ফিরতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রত্যাবর্তন থেকে অনুপ্রেরণা খুঁজছেন সুব্রত
৩ বছর পর দেশের জার্সিতে ফিরতে সৌরভের প্রত্যাবর্তন থেকে অনুপ্রেরণা খুঁজছেন সুব্রত পাল
সৌরভ মানেই অনুপ্রেরণা, সৌরভ মানেই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় প্রত্যাবর্তন। ক্রিকেট রাজনীতিতে দল থেকে বাদ পড়েও কোনওদিন হাল ছাড়েননি। দাঁতে দাঁত চাপা লড়াইয়ে কঠোর অনুশীলনে নির্বাচকদের তাঁকে দলে নিতে বাধ্য করেছেন। বাকিটা ইতিহাস। ভারতীয় খেলার দুনিয়ায় সৌরভের প্রত্যবর্তন স্মরণীয় হয়ে রয়েছে। এবার মাঠে ফেরা নিয়ে প্রাক্তন ক্রিকেট অধিনায়কের সেই নাছোড় মানসিকতা থেকে অনুপ্রেরণা নিয়ে নীল জার্সিতে ফিরতে মরিয়া ভারতীয় গোলকিপার সুব্রত পাল।

দেশের জার্সিতে সুব্রতর শেষ ম্যাচ
২০১৭ সালে শেষবার দেশের হয়ে মাঠে নেমেছিলেন। গত তিন বছরে নীল জার্সিতে বল পায়ে আর তাঁকে দেখা যায়নি। তবে দলকে এখনও নিজের সেরাটা দিতে চান। আর সেই ইচ্ছেতেই ২০২৩ সালে এশিয়ান কাপে জাতীয় দলের জার্সি গায়ে আরও একবার মাঠে নামার আশায় সুব্রত পাল।

কী বললেন সুব্রত
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনেরের এআইএফএফ টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে সুব্রত পাল বলেছে, 'আমি এখনও বিশ্বাস রাখি, জাতীয় দলকে দেওয়ার আমার এখনও অনেক কিছু বাকি রয়েছে। জাতীয় দলে জায়গা ফিরে পেতে দিনরাত পরিশ্রম করছি। দেশের হয়ে আরও একবার এশিয়ান কাপ খেলতে চাই।'

সৌরভই অনুপ্ররণা জানিয়েছেন সুব্রত
দলে ফিরতে নিজেকে যখন উজাড় করে দিচ্ছেন, এই কঠিন সময়ে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ই তাঁর অনুপ্রেরণা জানিয়েছেন সুব্রত। হাজার প্রতিকূলতা কাটিয়ে টিম ইন্ডিয়ায় কামব্যাক করেছিলেন দাদা। কাঁটার রাস্তায় হেঁটে সৌরভের সেই প্রত্যাবর্তনের গল্পগুলোই তাঁকে প্রতিদিন ভালো খেলার চেষ্টা চালিয়ে যাওযার জন্য অনুপ্রেরণা জোগায় বলে সুব্রত সাক্ষাৎকারে বলেছেন।

লক্ষ্য এশিয়ান কাপ
২০২২ কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ভারতীয় দল ব্যর্থ হওয়ার পর কোচ স্টিমাচের লক্ষ্য এখন ২০২৩ এশিয়ান কাপ। স্টিমাচের পছন্দের তালিকায় ঢুকে পড়ে তিন বছর পর হতে চলা এশিয়ান কাপের ভারতীয় দলে সুব্রত পাল নাম লেখাতে পারেন কি না, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications