বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব খেলতে কাতার যাচ্ছে ভারত, নিভৃতবাস নিয়ে স্বস্তি
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নিয়মরক্ষার ম্যাচ খেলতে কাতার যাচ্ছে ভারতীয় ফুটবল দল। করোনা পরিস্থিতিতে প্রস্তুতিতে খামতি থাকা একটা বড় চিন্তার কারণ। যদিও ১৯ মে কাতার যাওয়ার আগে কিছুটা স্বস্তি পেল ভারতীয় শিবির।

৩ জুন কাতার, ৭ জুন বাংলাদেশ ও ১৫ জুন আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। এআইএফএফ সচিব কুশল দাস জানিয়েছেন, আমরা অনুরোধ করেছিলাম কাতার পৌঁছে যাতে ভারতীয় দলকে কঠোর নিভৃতবাসে কাটাতে না হয়। সেই অনুরোধ গৃহীত হওয়ায় ভারতীয় দলকে ১০ দিনের নিভৃতবাসে থাকতে হচ্ছে না। ১৯ মে বিকেলে কাতার রওনা হবে ভারতীয় দল। ফুটবলারদের নিভৃতবাসে থাকতে হবে না। জৈব সুরক্ষা বলয়ে থেকে ১৪ দিনের প্রস্তুতি শিবির হবে। সেখানে অনুশীলন করতে পারবে গোটা দলই।

এআইএফএফ যে পরিকল্পনা সাজিয়েছে তা অনুযায়ী, দিল্লিতে একত্রিত হবেন দলের সকলে। কাতার রওনা হওয়ার আগে প্রত্যেকের করোনা পরীক্ষা করা হবে। ভারতের বিশ্বকাপ খেলার সম্ভাবনা আর না থাকলেও ২০২৩-এর এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের হাতছানি রয়েছে। সেই নিরিখে এই তিনটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ ভারতীয় দলের কাছে।

করোনা সংক্রমণ বেড়ে চলায় দেশে অনুশীলন করতে পারছে না ভারতীয় দল। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল মে মাসের ২ থেকে ২১ তারিখ পর্যন্ত ভারতীয় দলের শিবির হবে কলকাতায়। তারপর দুবাই যাবে ভারতীয় দল। সেখানে এক সপ্তাহের শিবির চালিয়ে কিছু ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের পরিকল্পনাও ছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে সেই সব পরিকল্পনা ধুয়েমুছে যায়। পাঁচ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে ভারত। বাকি ম্যাচগুলি থেকে যত বেশি সম্ভব পয়েন্ট সংগ্রহ করে ভারত চাইছে তৃতীয় স্থানে থাকতে। তাহলেই ২০২৩ এশিয়ান কাপের কোয়ালিফাইং তৃতীয় রাউন্ডে সরাসরি পৌঁছে যাবে ভারত। ২০১৯ সালের নভেম্বরের পর গত মার্চে ভারত দুবাইয়ে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলেছিল। ২৫ মার্চ ওমানের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ২৯ মার্চ সংযুক্ত আরব আমিরশাহীর কাছে ০-৬ গোলে হেরে যায় ভারত।












Click it and Unblock the Notifications