Sunil Chhetri: সুনীলের অবসর ভাঙার কারণ খোলসা করলেন ভারতীয় কোচ, ছেত্রীকে নামাবেন মালদ্বীপ ম্য়াচেই
Sunil Chhetri: সুনীল ছেত্রীকে কালই ফের ভারতের হয়ে মাঠে নামতে দেখা যাবে। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ভেঙে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলার সিদ্ধান্ত নেন সুনীল।
ভারতীয় দলে যে ভালো মানের স্ট্রাইকারের অভাব, আর সে কারণেই দরকার পড়ল সুনীলকে, সেটা স্পষ্ট হলো ভারতের হেড কোচ মানোলো মার্কুয়েজের কথায়। কাল মালদ্বীপের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে সুনীলকে খেলাবেন বলেও ঠিক করে রেখেছেন।

এই প্রথম শিলংয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। নভেম্বরে মার্কুয়েজের প্রশিক্ষণাধীন ভারত মালয়েশিয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল। এই ফ্রেন্ডলি ম্যাচকে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতি হিসেবেই দেখছে ভারতীয় শিবির। আগামী মঙ্গলবারই ভারতকে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে খেলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে।
কাল সুনীল ভারতের হয়ে ১৫২তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। মার্কুয়েজ বলেন, নিশ্চিতভাবেই এই ম্যাচে সুনীল শুরু থেকে খেলবেন। তবে শুরু থেকে খেলবেন, নাকি পরিবর্ত হিসেবে নামবেন তা বলতে পারছি না। আমরা ৬ জন পরিবর্ত নামাতে পারি। ফলে ১৭ জন খেলতে পারবেন। সুনীল তাঁদের অন্যতম।
ছেত্রীর আন্তর্জাতিক অবসর ভাঙা নিয়ে মার্কুয়েজ বলেন, চলতি মরশুমে ভারতীয়দের মধ্যে সর্বাধিক গোল করেছেন সুনীল। ফলে তাঁর বয়স ২০, না ৪০, নাকি আমার ঠাকুরদার মতো ৮৭ তা বড় বিষয় নয়। যদি কেউ ভালো অবস্থায় বা ছন্দে থাকেন তাহলে খেলতেই পারেন। উদীয়মান ফুটবলারদের জন্য ভারতীয় দল নয়। প্রতিভার বিকাশ ঘটার পরেই কেউ জাতীয় দলে আসেন।
ভারতীয় হেড কোচের সাফ কথা, আমাদের লক্ষ্য হলো জেতা। তা সুনিশ্চিত করতে ছন্দে থাকা ফুটবলারদের ডাকাটাই জরুরি। উল্লেখ্য, ২০০৫ সাল থেকে ভারতীয় দলে খেলা সুনীল গত বছর জুনে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা জানিয়েছিলেন। যদিও কয়েক মাসের মধ্যেই ভাঙলেন অবসর।
চলতি আইএসএলে সুনীল ছেত্রী ২৪ ম্যাচে ১২টি গোল করে সর্বাধিক গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। ভারতীয়দের মধ্যে শীর্ষে। মার্কুয়েজ বলেন, এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য প্রস্তুত হতে ফ্রেন্ডলি ম্যাচ খেলছি। অবশ্যই লক্ষ্য জেতা। বাংলাদেশ ম্যাচের আগে দলকে সেরা জায়গায় রাখাই আমাদের টার্গেট।
একইসঙ্গে ভারতীয় কোচ জানান, কালকের দলই বাংলাদেশ ম্যাচে নামাবেন না। তবে অবশ্য কয়েকজন সেই ম্যাচেও খেলবেন। ফুটবলারদের উপর আস্থা রয়েছে ভারতীয় দলের হেড কোচের। গত বছর জুলাইয়ে মার্কুয়েজ হেড কোচ হওয়ার পর ভারত অবশ্য কোনও ম্যাচ জেতেনি। প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে নামার আগে তাই কাল ফ্রেন্ডলিতে জয় ছিনিয়ে নিয়েই আত্মবিশ্বাস বাড়াতে চাইছে ভারত।












Click it and Unblock the Notifications